
নির্বাচন কমিশনের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মাঠে যখন খেলা হবে, দুই পক্ষকেই খেলতে হবে। আমি যদি কালোটাকা বিতরণ করে থাকি, আরেকজনকে কালোটাকা বিতরণে প্রতিহত করার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশনার এসে, পুলিশ এসে রাতারাতি সেটা করতে পারবে, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। তবে কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে।’
আজ বুধবার সকালে গাজীপুর নগরের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এ ছাড়া সিটি নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘গাজীপুরের নির্বাচনটা আমাদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। এ জন্যই গাজীপুরের নির্বাচনটা একটা মডেল হোক। আপনাদের সহযোগিতায়, আপনাদের সদিচ্ছার ওপর ভিত্তি করে এই নির্বাচনটা যেন একটা দৃষ্টান্ত বহন করতে পারে। সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন, আমরা যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।’
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের নির্বাচনব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। আপনাদের চেষ্টায় হয়তো একটা সময় আসবে, সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন এককভাবে তেমন কিছু করতে পারবে না। যদি আমাদের সঙ্গে সহযোগী প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব শক্তভাবে এবং পেশাগতভাবে পালন না করে থাকে।’
মতবিনিময় সভায় প্রার্থীরা ভোটের মাঠে কালোটাকার ব্যবহার বন্ধসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষার দাবি জানান। সেই সঙ্গে সিটির ৫৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সহনশীল আচরণ, নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় প্রশ্নোত্তর পর্বে কাজী হাবিবুল আউয়াল বলেন, গাজীপুর সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ স্থগিত করা হবে। নির্বাচনের মাঠে কারও এজেন্টকে বাধা দিলে প্রার্থিতা বাতিলের কথাও বলেন তিনি।
প্রার্থীদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা যদি জনপ্রতিনিধি হন, তাহলে সত্যিকার অর্থে জনগণের মেন্ডেট আপনাদের থাকতে হবে। কালোটাকা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। কালোটাকা যতই বিতরণ করা হোক। যদি মনে করেন কন্ট্রোল করতে পারছেন না, তাহলে কালোটাকা গ্রহণকারী ব্যক্তিদের বলে দেবেন, কালোটাকা নিলেও নিয়েন, ভোটটা কিন্তু স্বাধীনভাবে দিয়েন। আপনি যাঁকে বিশ্বাস করেন, যাঁকে ভালো মনে করেন, ভোটটা তাঁকেই দিয়েন।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ থাকবে। মোট ভোটারসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ নির্বাচনে ৪৮০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৬ হাজার ৯৯৪ জন পোলিং কর্মকর্তাসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন।