
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চোরাই গরু বিক্রি করতে এসে জনতার হাতে তিন চোর আটক হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পুটিবিলা এম চর হাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই তিন ব্যক্তিকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নন্দরবিল এলাকার নুর মোহাম্মদ (৩৫), একই এলাকার মোহাম্মদ রাসেল (২১) ও আমান উল্লাহ্ (২৮)।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক প্রথম আলোকে বলেন, আজ দুপুরে এম চর হাট এলাকায় দুটি গরু বিক্রি করতে আনেন তিন ব্যক্তি। তাঁরা কম মূল্যে গরুগুলো বিক্রি করতে চাইলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। স্থানীয় লোকজন তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁরা গরু চুরির কথা স্বীকার করেন। পরে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘সোমবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির কথা স্বীকার করেছেন। রোববার দিবাগত রাতে গরুগুলো কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন থেকে চুরি করেন তাঁরা। গরুর মালিককে পাওয়া গেছে। তিনি চকরিয়া থানায় মামলা করবেন। আটক তিনজনকে গরুসহ চকরিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’