এখনো যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে শহরের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বাসিন্দারা।

মাগুরা পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়োবর্জ্য পরিশোধনাগার প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০২১ সালের নভেম্বর মাসে। তবে এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও উদ্বোধন জটিলতায় চালু হয়নি। এতে এখনো আবাসিক এলাকা, সড়ক, মহাসড়কের পাশে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে শহরের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে অনুমতি পেলে যেকোনো সময়ই বর্জ্য শোধনের কাজ শুরু করা সম্ভব।
পৌরসভার ময়লার ভাগাড়ের অবস্থান মাগুরা-যশোর মহাসড়কের পাশে শিমুলিয়ায়। দীর্ঘদিন ধরে উন্মুক্ত এই জায়গাতেই বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে। ২০২০ সালে ময়লার ভাগাড়ের ঠিক পাশেই প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানি শোধনাগার প্রকল্প। পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে সুপেয় পানি সরবরাহের উদ্দেশ্যে এ প্রকল্প চালু করা হয়েছিল। তবে ময়লার ভাগাড়ের পাশে শোধন হওয়া এই পানি কতটা সুপেয় থাকছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বাসিন্দাদের। পয়োবর্জ্য পরিশোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে এই ভাগাড় থেকে আধা কিলোমিটার দূরে। পয়োবর্জ্য পরিশোধন শুরু হলে এই ভাগাড়টি পরিষ্কার করা হতো, তখন পানি পরিশোধন প্রকল্পটিও নিরাপদ হতো বলে মত বাসিন্দাদের।
একটা প্রকল্পের আওতায় সারা দেশে ২৬টি পৌরসভাতে এই ধরনের পয়োবর্জ্য পরিশোধনাগার বাস্তবায়িত হচ্ছে। সেগুলো শেষ হলে শিগগিরই সবকটি একসঙ্গে উদ্বোধন করা হবে বলে প্রকল্প পরিচালকের অফিস থেকে জানানো হয়েছে।মো. আহসান বারী, নির্বাহী প্রকৌশলী, মাগুরা পৌরসভা
মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এসব সমস্যা সমাধানে ‘তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় শিমুলিয়া এলাকায় প্রায় তিন একর জমির ওপর স্যানিটারি ল্যান্ডফিল ও পয়োবর্জ্য পরিশোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে জমি অধিগ্রহণসহ প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। ২০২০ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকল্পটির কাজ শেষ হয়। তবে এখনো এটির কার্যক্রম শুরু হয়নি। উল্টো এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও চালু না হওয়ায় এখানে স্থাপিত যন্ত্রগুলো অকেজো হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গত ২১ ও ২২ মার্চ সরেজমিনে মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিমুলিয়ার ওই ময়লার ভাগাড় ছাড়াও সড়কের পাশে কিছু জায়গায় উন্মুক্তভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এসব জায়গার মধ্যে রয়েছে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে রাস্তার বিপরীত দিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে, কেশব মোড়, কলেজ পাড়া, পুরাতন বাজার, নতুন বাজার ও ঢাকা রোড।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে পৌরসভার কিছু নির্ধারিত ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সেগুলো ঘিরে ছোটখাটো ময়লার ভাগাড় তৈরি হয়েছে। এর বাইরেও উন্মুক্ত অনেক জায়গায় আবর্জনা ফেলেন বাসিন্দারা। শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা শাহীন আলম প্রথম আলোকে বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে রাস্তার বিপরীত দিকে ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌরসভার একটি ডাস্টবিন রয়েছে। এর বাইরেও বিস্তীর্ণ এলাকাজুড়ে ময়লা ফেলা হয়। তার মধ্যে মেডিকেল বর্জ্যও রয়েছে। পৌরসভার কর্মীরাও নিয়মিত এখান থেকে ময়লা নেন না। এ কারণে পচে দুর্গন্ধ ছড়ায়। এতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা রোড স্লুইসগেট, পুরাতন বাজার ও নতুন বাজার এলাকায় খাবারের হোটেল ও দোকানের আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নবগঙ্গা নদীতে। স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেন ও জলাশয় ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এমনকি অনেক বাসাবাড়ির পয়োবর্জ্যের সংযোগ সরাসরি ড্রেন ও নদীতে দেওয়ার কারণে দূষণের মাত্রা দিনকে দিন বাড়ছে।
বর্জ্য পরিশোধনের কাজ উদ্বোধন হচ্ছে না কেন, জানতে চাইলে মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আহসান বারী প্রথম আলোকে বলেন, ‘একটা প্রকল্পের আওতায় সারা দেশে ২৬টি পৌরসভাতে এই ধরনের পয়োবর্জ্য পরিশোধনাগার বাস্তবায়িত হচ্ছে। আমাদের জানানো হয়েছে, ইতিমধ্যে মাগুরাসহ ১৭টার কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা। সেগুলো শেষ হলে শিগগিরই সবগুলো একসঙ্গে উদ্বোধন করা হবে বলে প্রকল্প পরিচালকের অফিস থেকে জানানো হয়েছে।’
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, প্রকল্পের অংশ হিসেবে পৌর এলাকার ২৫ হাজার পরিবারের মধ্যে দুটি আলাদা রঙের আবর্জনা ফেলার বাস্কেট বিতরণ করা হবে। যার একটিতে পচনশীল ও আর অন্যটিতে অপচনশীল বর্জ্য ফেলবেন বাসিন্দারা। বাড়ি বাড়ি গিয়ে এসব বর্জ্য সংগ্রহ করবেন পৌরসভার কর্মীরা। যেগুলো নির্ধারিত ভ্যান ও ট্রাকে করে বর্জ্য শোধনাগারে এনে ফেলা হবে। এই প্রকল্পের আওতায় বসতবাড়ি থেকে পয়োবর্জ্যও সংগ্রহ করা হবে।
মাগুরার পৌর মেয়র খুরশীদ হায়দার বলেন, বর্জ্য পরিশোধনাগার প্রকল্পের আওতায় ইতিমধ্যে পাঁচ হাজার আবর্জনা ফেলার বাস্কেট বাসিন্দাদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। প্রকল্প চালু হলে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলাও বন্ধ হবে ধাপে ধাপে। শিমুলিয়ায় বর্তমানে যে ময়লার ভাগাড় রয়েছে, সেটা ঘিরে আবর্জনা মাটিচাপা দেওয়া হবে।