
মৃত্যুর ভয় দেখিয়ে খালি স্ট্যাম্প কাগজে স্বাক্ষর আদায় ও চাঁদাবাজির অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার বাদী ফরিদুল আলম চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়ার আবদুচ ছালামের ছেলে। ফরিদুলের আইনজীবী মো. শাহ আলম বলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী (৫২), উপজেলার উত্তর লক্ষ্যারচরের হাবিবুর রহমান (৪৫) ও লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাটখোলা মোড়া এলাকার নাজেম উদ্দিনের (৪৮) বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলার আবেদন করা হয়েছিল। দীর্ঘ শুনানি এবং বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন চকরিয়া থানার ওসিকে তিন কার্যদিবসের মধ্যে থানায় মামলা নিয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, লামা উপজেলার ফাইতংয়ে ফরিদুলের সঙ্গে যৌথভাবে ইটভাটার ব্যবসা করেন হাবিবুর রহমান ও নাজেম উদ্দিন। ইটভাটায় ফরিদুলের অংশ জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করছিলেন হাবিবুর ও নাজেম। গত ২৬ মে বিকেলে ব্যবসার কথা বলে ফরিদুলকে বাড়িতে ডেকে নিয়ে যান চেয়ারম্যান ফজলুল করিম। সেখানে পৌঁছানোর পর ফজলুল করিম, হাবিবুর রহমান ও নাজেম উদ্দিন মিলে তাঁকে ব্যাপক মারধর করেন। পরে বন্দুকের মুখে ফরিদুলকে জিম্মি করে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। একপর্যায়ে ১০০ টাকার তিনটি খালি স্ট্যাম্পে ফরিদুলের স্বাক্ষর আদায় করে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করেন চেয়ারম্যান।
মামলার আরজি সূত্রে আরও জানা যায়, চাঁদা দিতে অস্বীকৃতি করায় ওই দিন রাত পর্যন্ত ফরিদুলকে আটকে রাখেন তাঁরা। পরে ইটভাটা থেকে ২৪ লাখ টাকা মূল্যের ৩ লাখ ইট লুট করে নিয়ে যান চেয়ারম্যান।
এ বিষয়ে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় মীমাংসা হয়েছে। এরপর আমি কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় চলে যাই। এই সুযোগে আমার দলের এক জনপ্রতিনিধির ইন্ধনে মীমাংসিত বিষয়ে ফরিদুল মামলাটি করেছেন। বাদীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কয়েক দিনের মধ্যে আপসনামা দেবেন।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, তিনি এখনো আদালতের নির্দেশনা হাতে পাননি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি।