পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার করা হয়। আজ রোববার সকালে নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে
পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার করা হয়। আজ রোববার সকালে নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে

নওগাঁয় মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামের একটি পটোলখেতে মাটির নিচে পুঁতে রাখা ৩২৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল থেকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের জাইদুল ইসলামের পটোলখেতে বাঁশের খুঁটি বসানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। খেতের একটি জায়গায় খুঁটি বসাতে গিয়ে মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন তাঁরা। সেখানে প্রায় এক ফুট গভীর মাটি খুঁড়ে একটি কাঠের বাক্সে গুলি পাওয়া যায়। পরে বেলা ১১টার দিকে বদলগাছী থানার পুলিশ গুলিগুলো উদ্ধার করে।

উদ্ধার করা গুলি। রোববার সকালে নওগাঁর বদলগাছীর দেউলিয়া গ্রামে

কৃষক জাইদুল ইসলাম জানান, তিনি দীর্ঘ সময় ধরে জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ৩২৫টি থ্রি–নট–থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়ের। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোয় মরিচা ধরেছে। বর্তমানে সেগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।