চাকরির সাক্ষাৎকার দিতে কারখানাফটকে লাইনে দাঁড়ানো নারী পিকআপচাপায় নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর এক নারী। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রোজিনা আক্তার বিপাশা (২৫)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। আহত নারী হলেন আশা আক্তার (২৩)। তাঁরা দুজনেই গাজীপুরে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আরও ভালো বেতনের আশায় তাঁরা আরেক কারখানায় সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরে বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যান রোজিনা আক্তার। কারখানাটির ফটকের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রোজিনাসহ অন্য চাকরিপ্রার্থীরা। কারখানার সামনে দিয়ে যাওয়ার পথে হঠাৎ একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে রোজিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আশা আক্তারকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রোজিনার লাশ উদ্ধার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বলেন, ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।