
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া আগামীকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘বিশেষ সভা’ আহ্বান করেছেন। ওই সভা আহ্বানকে গঠনতন্ত্র পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন নিজেকে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ দাবি করা আবদুস সোবাহান মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সহসভাপতি বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশেষ সভা আহ্বান করেন নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া। ফেসবুকে তিনি লেখেন, সারা দেশে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ১১ মে বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
অন্যদিকে আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক চিঠিতে আবদুস সোবাহান নিজেকে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ পরিচয় দিয়ে লেখেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আগামী ১১ মে একটি সভা ডেকেছেন। তিনি বিষয়টি ফেসবুক থেকে জেনেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলাপ করেননি তিনি, যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। এর মাধ্যমে এলাকায় সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে বলে তাঁর বিশ্বাস। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।
প্রসঙ্গত, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সরকারি চাকরিতে যোগ দেওয়ায় প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। এ অবস্থায় ৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক গঠনতন্ত্র অনুযায়ী ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়াকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন।
উপজেলা আওয়ামী লীগের তিনজন নেতা জানান, নগরকান্দা-সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রয়াত সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী ২০১৩ সালের ১ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। তখন তিনি সাজেদা চৌধুরীর প্রতিনিধি হিসেবে এলাকায় কাজ করতেন। তবে তাঁর ছোট ভাই শাহদাব আকবর চৌধুরী ২০১৭ সালের শেষের দিকে মায়ের প্রতিনিধি হিসেবে এলাকায় পরিচিতি পান। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে আয়মন আকবর একাধিকবার এলাকায় আসার চেষ্টা করলেও রাজনৈতিক ও প্রশাসনিক বিরোধিতায় তিনি পারেননি। এলাকায় শাহদাবের আধিপত্য কায়েম হওয়ার পর নগরকান্দা আওয়ামী লীগের ১ নম্বর সহসভাপতি আবদুস সোবাহানকে উপজেলা আওয়ামী লীগের ‘ভারপ্রাপ্ত সভাপতি’ হিসেবে আখ্যায়িত করা হয়। তবে জেলা বা কেন্দ্রীয় আওয়ামী লীগ সেটা কখনো অনুমোদন দেয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক প্রথম আলোকে বলেন, আবদুস সোবাহানের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার তথ্য তাঁদের জানা নেই। গত বছরের ১৬ এপ্রিল জেলার সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা ও ১২ মে সম্মেলনে আয়মন আকবরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি সেখানে যোগদানও করেন। এর মধ্যে আয়মনকে সরিয়ে সোবাহানকে ভারপ্রাপ্ত সভাপতি করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রেও সুপারিশ করা হয়নি।
শাহ মোহাম্মদ ইশতিয়াক আরও বলেন, জামাল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভা ডেকে গঠনতন্ত্র লঙ্ঘন করেননি।