জামিনের পর কারাফটক থেকে আবারও গ্রেপ্তার মাগুরা বিএনপির নেতা

জামিনে বের হওয়ার পরপরই জেলা কারাগারের ফটক থেকে আমিনুর রহমানকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। গতকাল বুধবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

মাগুরায় জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপি নেতা আমিনুর রহমান খান ওরফে পিকুলকে কারাগারের ফটক থেকে আবার আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আমিনুরকে জেলা কারাগারের ফটক থেকে আটক করে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল। পরে শালিখা থানায় বিএনপি নেতাদের নামে হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আমিনুরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

আমিনুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বিএনপির নেতাদের অভিযোগ, হয়রানি করতে একের পর এক ‘গায়েবি’ মামলায় বিএনপির নেতা আমিনুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমিনুরের পরিবারের সদস্যরা বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে পৌরসভার পারলা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে আমিনুরকে আটক করে পুলিশ। পরদিন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলীর করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১ নম্বর আসামি হিসেবে আমিনুরকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি রাতে দায়িত্ব পালনের সময় এসআই রমজান আলী জানতে পারেন, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য বিএনপির নেতারা পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হয়েছেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, ওই ঘটনায় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আমিনুর ও ওয়াজেদ বিশ্বাস নামের বিএনপির আরেক নেতাকে আটক করা হয়। ওই মামলায় তাঁরা দুজনসহ মোট ৪১ আসামির নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিএনপিপন্থী আইনজীবী ও দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় শ্রীপুর ও মহম্মদপুর থানায় করা আগের দুটি মামলায়ও আমিনুরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ধাপে ধাপে তিনটি মামলাতেই জামিন পান আমিনুর। সবশেষ গতকাল শ্রীপুর ও মহম্মদপুরের দুটি মামলায় জামিন পান ওই নেতা।

আমিনুরের মুক্তি উপলক্ষে গতকাল বিকেলে দলের শতাধিক নেতা-কর্মী কারাফটকে জড়ো হন। ইফতারের কয়েক মিনিট আগে আমিনুর কারাগার থেকে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি গাড়ি ফটকের সামনে এসে আমিনুরকে তুলে নেয়। এ সময় খোকন ও রানা মিয়া নামের আরও দুজনকে আটক করা হয়। ওই দুজনও আমিনুরের সঙ্গে গতকাল জামিনে মুক্তি পেয়েছিলেন।

মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুজ্জামান ফারুক প্রথম আলোকে বলেন, ইফতারের ১০ মিনিট আগে সদ্য জামিন পাওয়া এক নেতাকে জেলগেট থেকে যেভাবে ধরে নিয়ে আসা হয়েছে, এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর হয় না। যে মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা একটা গায়েবি মামলা। পরে আরও যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, সেগুলোও হয়রানিমূলক মিথ্যা মামলা। আবার এখন যে মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হলো, সেটাও গায়েবি মামলা। মূলত বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে এসব মামলা দিয়েছে পুলিশ ও ক্ষমতাসীনেরা।

জানতে চাইলে বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জব্বারুল ইসলাম প্রথম আলোকে বলেন, শালিখা থানায় হওয়া নাশকতার একটি মামলায় সন্দেহভাজন হিসেবে আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে। আর অন্য যে দুজনকে (কারাফটক) আনা হয়েছিল, তাঁদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। নির্দিষ্ট কোনো মামলায় এখনো তাঁদের গ্রেপ্তার করা হয়নি।