
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে; যা দেশের যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। অবৈধ পথে মানব পাচারও বেড়েছে। কক্সবাজারের টেকনাফ-উখিয়া উপকূলসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানব পাচার ও মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে।
মঙ্গলবার দুপুরে টেকনাফের এজাহার বালিকা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষকই দেশের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে অনুষ্ঠানে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে তাঁদের উন্নয়নে একটি ঐতিহাসিক এ উদ্যোগ নিয়েছে সরকার। ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বিএনপি। বিএনপি যা বলে, তা করে।
মাদকবিরোধী অবস্থানের পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন জুয়া উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ইতিমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে; যাতে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করা যায়।
মানব পাচার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় মানব পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পয়েন্ট ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো চিহ্নিত করে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, সরকার মানব পাচার বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম ও নাফ নদীর সীমান্ত পরিদর্শন করেন।