গাজীপুর সিটির ওয়ার্ড পরিক্রমা

দূর হয়নি জলাবদ্ধতার সমস্যা 

প্রধান সমস্যা জলাবদ্ধতার সমাধান হয়নি। রাস্তাঘাট বেহাল, কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যত্রতত্র পড়ে আছে ময়লা–আবর্জনা।

গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের জিরানী এলাকায় ‘পলাশ শফিউল্লাহর’ খালটি দখল আর দূষণে বন্ধ হওয়ার পথে
প্রথম আলো

কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশেই গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের শুরু। গত ১০ বছরেও এই ওয়ার্ডে চোখে পড়ার মতো উন্নয়ন হয়নি। প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা এখনো রয়ে গেছে। জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে নগরবাসী বারবার দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি। বর্ষায় ওই ওয়ার্ডের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনদের বাড়িতে চলে যান।

ওয়ার্ডের মোল্লা চত্বর এলাকার বাসিন্দা সাজেদুল ইসলাম বলেন, প্রধান দুটি সড়কের উন্নয়নকাজ করা হলেও সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি থাকায় সুফল পাওয়া যাচ্ছে না। পানি নিষ্কাশনব্যবস্থা খুবই খারাপ। দখল-দূষণে একমাত্র খালের অস্তিত্ব হুমকিতে, যার কারণে বর্ষায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

গাজীপুর মহানগরের ১২টি মৌজা নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হচ্ছে মাধবপুর, দক্ষিণ পানিশাইল, উত্তর পানিশাইল, দাসপাড়া ও কোনাপাড়া। এই ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ২০ হাজার।

ওয়ার্ডের প্রধান চারটি সড়ক—জিরানীবাজার থেকে কাশিমপুর, রেডিয়াল থেকে সফিপুর, এফডিসি রোড থেকে আন্ধারমানিক পশ্চিমপাড়া ও পানিশাইল থেকে নস্করচালা। এর মধ্যে দুটি সড়ক উন্নয়নের কাজ হয়েছে। তবে সুফল পাওয়া যাচ্ছে না। সড়কের মধ্যে রয়ে গেছে শতাধিক বৈদ্যুতিক খুঁটি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া ওয়ার্ডের ছোটখাটো রাস্তাগুলো বেহাল। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে হাঁটুপানি।

গত সোমবার সরেজমিনে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা হয়। ওয়ার্ডের জিরানীবাজার থেকে কাশিমপুরে যাওয়ার পথে প্রায় এক কিলোমিটারের মধ্যেই পড়ে মোল্লা মার্কেট এলাকা। সেখানে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বড় বাজার। ওই বাজার ও স্থানীয় বিভিন্ন কারখানার পাশ দিয়ে একটি খাল চক্রবর্তী এলাকার দিকে চলে গেছে। খালের দক্ষিণ পাশ ঘেঁষে মার্কেট ও বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছেন ব্যবসায়ী আবদুল হাকিম। খালের উত্তর পাশ ঘেঁষে দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন আসাদ মোল্লা। দেখেই বোঝা যাচ্ছে, বর্ষাকালে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। যদিও আবদুল হাকিম ও আসাদ মোল্লার দাবি, তাঁরা খাল দখল করেননি। পানি যাওয়ার জন্যও যথেষ্ট জায়গা রয়েছে।

ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এলাকাটি একসময় ইউনিয়ন পরিষদের আওতায় ছিল। এরপর সিটি করপোরেশনের মধ্যে এসেছে। কিন্তু গত ১০ বছরেও এলাকায় বলার মতো কোনো উন্নয়ন হয়নি। এলাকায় খেলার মাঠ, নির্দিষ্ট কাঁচাবাজার নেই। এমনকি একটি গণকবরস্থানও হয়নি। পানি নিষ্কাশনের নালা নেই। ময়লা-আবর্জনা ফেলারও নির্দিষ্ট জায়গা নেই।

ভবানীপুর, জিরানী, পানিশাইলসহ কয়েকটি এলাকায় অনেক শিল্পকারখানা আছে। এসব কারখানায় বহু শ্রমিক থাকেন। এ কারণে ওয়ার্ডের জনসংখ্যাও ভোটারদের চেয়ে অনেক বেশি। সড়ক বেহাল হওয়ায় হেঁটে কর্মস্থলে যেতে দুর্ভোগ পোহাতে হয় শ্রমিকদের।

শিবরামপুর এলাকার আক্তার হোসেন বলেন, সিটি করপোরেশনে থেকেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা মিলছে না। এলাকার ছোট ছোট রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। কাউন্সিলরকে বললেও কোনো কাজ হচ্ছে না। জিরানী এলাকার ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘আমরা আগে শুনেছি, সিটি করপোরেশন হলে সুযোগ-সুবিধা অনেক বাড়বে। এখন দেখছি, তার উল্টো হয়েছে।’

মহল্লার রাস্তাগুলো খানাখন্দে ভরপুর। কোথাও কোথাও ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে আছে। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ। অনেক দিন ধরেই সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। দুর্গন্ধে নাক চেপে থাকতে হয়। এ ছাড়া পুরো ওয়ার্ডের কোথাও চিকিৎসাকেন্দ্র পাওয়া যায়নি।

এই ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি (লিটন)। ২০১৮ সালের নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। ওয়ার্ডের সমস্যাগুলো নজরে আনলে প্রথম আলোকে ওসমান গনি বলেন, এলাকার প্রভাবশালীরা নানা কৌশলে খালগুলো দখল করে নিয়েছে, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা দূর করতে হলে আগে খালগুলো উদ্ধার করতে হবে। কিন্তু এগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গত পাঁচ বছরে এলাকার রাস্তাঘাটসহ অনেক উন্নয়নকাজ হয়েছে, যা দৃশ্যমান রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে জায়গা বরাদ্দ নিয়ে কেন্দ্রীয়ভাবে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থার কাজ প্রক্রিয়াধীন।