বরিশালে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ

যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে নগরের চৌমাথা–সংলগ্ন মহাসড়কে
ছবি: প্রথম আলো

বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে ও ক্ষতিপূরণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সৈয়দ হাতেম আলী কলেজ–সংলগ্ন চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় পুরো সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গতকাল রোববার সকালে গৌরনদী থেকে মোটরসাইকেলে করে বরিশালে ফিরছিলেন বরিশাল কলেজের শিক্ষার্থী তাজিন খান (২১)। এ সময় মহাসড়কের কাছেমাবাদ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান।

শিক্ষার্থীদের অভিযোগ, বাসের চাপায় তাজিন নিহত হলেও মালিক সমিতি ও কোম্পানির পক্ষ থেকে তাঁর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি; বরং তারা দুর্ব্যবহার ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। যে কারণে সহপাঠীরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

তাজিন খান বরিশাল সরকারি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি নগরের ভাটিখানা জোড় মসজিদ এলাকার খানবাড়ির বাসিন্দা ইউসুফ আলী খানের ছেলে। পেশায় সবজি বিক্রেতা ইউসুফ আলী খান বলেন, পড়াশোনার পাশাপাশি মুঠোফোনের সরঞ্জাম পাইকারি বিক্রির প্রতিষ্ঠানে চাকরি করতেন তাঁর ছেলে তাজিন। জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে এসব সরঞ্জামাদি পৌঁছে দেওয়া ও অর্ডার গ্রহণ করতেন তিনি। গতকালর গৌরনদীতে কাজ শেষে বরিশালে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তাজিন।

তাজিনের সহপাঠী মো. রাসেল বলেন, ‘আমরা তাজিনের এই মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাই। বিচার না হলে কাল আরেকজনকে ওরা মারবে। আমরা নিরাপদ সড়ক চাই, যাতে আর কারও প্রাণ সড়কে না ঝরে।’ তিনি আরও বলেন, ‘যেখানে সহপাঠীর প্রাণ গেছে, সেখানে ডলফিন পরিবহনের লোকজন হাতে তুড়ি দিয়ে বলেছে, আমাদের দেখে নেওয়ার কথা। আমরাও এর বিচার না পাওয়া পর্যন্ত এবং নিরাপদ সড়কের দাবি আদায় না হওয়ায় আন্দোলন চালিয়ে যাব।’

সড়ক অবরোধের ফলে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এ সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ চলাকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় বিচারের আশ্বাস দেওয়া হলে বেলা দেড়টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছে।’