পঞ্চগড়ে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬’–এ অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ে
পঞ্চগড়ে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬’–এ অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ে

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে

‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতাই পাইনি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় এবং জাতি হিসেবে নিজস্ব সত্তার ভিত্তি স্থাপন করতে পেরেছি। এই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করে আমাদের রক্ষা করতে হবে। সেই সঙ্গে দেশ সেবার ব্রত নিয়ে আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং ধারণ করতে হবে।’

‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬’ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পঞ্চগড়ের নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম (জুয়েল)।

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করে বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চজুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘৩০ লাখ শহীদ আর দুই লাখ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা বাঙালির দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তাদের চেষ্টাই ছিল আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার, আমাদের পঙ্গু করে দেওয়ার। সে জন্যই হয়তো তারা আমাদের বিজয়ের মাত্র দুই দিন আগে বুদ্ধিজীবীদের হত্যা করেছে।’

পঞ্চগড় বন্ধুসভার সভাপতি মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেশমা রিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক, আইনজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।

অনুষ্ঠানে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মো. আরিফ রায়হান, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, হাজী ছফির উদ্দিন আহাম্মদ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মন দিয়ে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করতে হবে। সর্বোপরি ভালো মানুষ হতে হবে।’

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় মোট ৭০ শিক্ষার্থী অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে পাঁচ শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম হয়েছে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রোকনুজ্জামান রাতুল, দ্বিতীয় হয়েছে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক (টুটুল), তৃতীয় হয়েছে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আতিক আহনাফ, চতুর্থ হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা ওয়াসি এবং পঞ্চম হয়েছে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থী তানজিম হাসান (তাইফ)।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বই তুলে দেন অতিথিরা। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।