সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ আরোহীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণ গেছে। শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যানবাহন চলাচল। পরে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন জৈন্তাপুরের বড়খলা এলাকার মুসদ আলী (৫০), শ্রীখেল এলাকার নূর উদ্দিন (৫৫), বারগ‌তি এলাকার আবদুল লতিফ (৫০) ও ফরফরা গ্রামের মো. কামাল (২৫)।

স্থানীয় জনগণ ও পু‌লিশের দেওয়া তথ্যে জানা গেছে, সিলেট থেকে একটি বাস জাফলংয়ের দিকে যাচ্ছিল। জৈন্তাপুরের দরবস্ত এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের প্রাণ যায়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।