বরগুনা সদর

ভাড়াটে শ্রমিক দিয়ে কর্মসৃজন প্রকল্পের কাজ, নানা অনিয়ম

বরগুনা জেলার মানচিত্র
বরগুনা জেলার মানচিত্র

বরগুনা সদর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্ত শ্রমিকদের বাদ দিয়ে ভাড়াটে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন জনপ্রতিনিধিরা। যদিও কর্মসৃজন প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিক ছাড়া অন্য কারও কাজ করার সুযোগ নেই। এ ছাড়া প্রকল্পে অন্য উপজেলার শ্রমিক দিয়ে কাজ করানো, হাজিরা খাতা না থাকা, কম শ্রমিকের উপস্থিতিসহ কাজের মান নিয়ে নানা অভিযোগ আছে। সম্প্রতি উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচটি প্রকল্প এলাকা ঘুরে প্রতিটিতে নানা অনিয়মের চিত্র পাওয়া গেছে।

জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকদের দিয়ে কাজ করাতে হবে। এখানে বাইরের শ্রমিকদের দিয়ে কাজ করানোর সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের তালিকা প্রণয়নে প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ থেকে তালিকা যাচাই-বাছাই করে উপজেলা পরিষদে পাঠানো হয়। এরপর সেটি জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানোর পর শ্রমিকদের মুঠোফোন নম্বরে পারিশ্রমিক পাঠানো হয়। ২০২২-২৩ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১০টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো মেরামতের জন্য মোট ২৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে মোট ১ হাজার ১৪৩ জন শ্রমিকের জন্য দৈনিক ৪০০ টাকা মজুরি হিসেবে ১ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ শুরু হয় ১৭ এপ্রিল। সপ্তাহে পাঁচ দিন সকাল থেকে আট ঘণ্টা করে কাজ করেন শ্রমিকেরা। আট সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে হবে।

উপজেলার বদরখালী, ঢলুয়া ও এম বালিয়াতলী—তিনটি ইউনিয়নের পাঁচটি প্রকল্প এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্পের কাজ করছেন ভাড়াটে শ্রমিকেরা। প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকদের অনেকে কাজের বিষয়টি জানেন না। প্রতি এক হাজার ফুট মাটি কোথাও চার হাজার, আবার কোথাও পাঁচ হাজার টাকা দরে কাটছেন। অনেকে প্রকল্পের কাজের বিষয়ে জানেন না।

সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের আওতায় পাঁচ লাখ চার হাজার টাকায় ঢলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিপিএস বেড়িবাঁধ থেকে দক্ষিণ দিকে খাজুরা গ্রামের জাফরের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ করছেন শ্রমিকেরা। তবে সেখানকার শ্রমিকদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলায়। ওই প্রকল্পের কয়েকজন শ্রমিক জানান, তাঁদের সরদার জানিয়েছেন, কাজটি চেয়ারম্যানের। সেখানে কর্মরত শ্রমিক আল আমিন বলেন, ‘আমরা ডেইলি হিসেবে কাজ করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। এখানে আমরা ১৮ জন শ্রমিক কাজ করছি।’

ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলী মুন্সিবাড়ি বেড়িবাঁধ থেকে উত্তর দিকে মোসলেম মাস্টারের বাড়ি হয়ে মৃধা বাড়ির মাদ্রাসা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলছে। ১৭ মে দুপুরে সরেজমিনে গিয়ে সেখানে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। এ প্রকল্পে ৬ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ওই প্রকল্পের শ্রমিক মো. সেলিম বলেন, ‘প্রতিদিন ১৪-১৫ জন শ্রমিক প্রতি হাজার ফিট ৫ হাজার টাকা দরে রাস্তায় মাটি ফেলেছি।’ ওই প্রকল্পের সভাপতি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘আমার এখানে লেবারদের (শ্রমিক) বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়। আমার ৫৪ জন লেবার আছে। ৪০ দিনের কর্মসূচির লেবার তালিকা আছে, সেই তালিকা দিয়ে কাজ করানো হয়েছে।’

জানতে চাইলে ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘৪০ দিনের কর্মসূচির তালিকায় যে শ্রমিকদের নাম আছে, তাঁরাই কাজ করেন। এর বাইরে কোনো শ্রমিক কাজ করতে পারেন না। অন্য উপজেলার শ্রমিকদের কাজ করানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে এমনটি হওয়ার কথা না।’

এম বালিয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাকুরতলা কালাম মুন্সীর দোকান হতে পশ্চিমে মনিরুজ্জামানের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে গিয়ে দেখা গেছে, কোনো শ্রমিক কাজ করছেন না। সেখানে রাস্তা মেরামতের কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ওই প্রকল্পের শ্রমিকদের অনেকের সিমকার্ড ইউপি চেয়ারম্যানের কাছে আছে বলে কয়েকজন শ্রমিক অভিযোগ করেছেন।

এম বালিয়াতলী ইউপির চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, তালিকাভুক্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে। শ্রমিকদের সিমকার্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সত্য না। আমি আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’