রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলেজ মোড়ে মহাসড়ক অবরোধ করে উপজেলার ট্রাক মালিক ও শ্রমিক সমিতি। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আধা ঘণ্টা বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক ও শ্রমিক সমিতি।
ট্রাক মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতু ২০১৮ সালের এপ্রিল মাসে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গতকাল রোববার এ সেতু দিয়ে ভারী যানবাহন বা ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় উপজেলা প্রশাসন।
এতে ট্রাকমালিক ও চালকেরা বিপাকে পড়েন। বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ি মহাসড়ক দিয়ে রংপুর বিভাগের দূরত্ব ১৩৬ কিলোমিটার। এ ছাড়া গঙ্গাচড়া উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু দিয়ে রংপুর বিভাগের দূরত্ব ৮১ কিলোমিটার। এতে এ সড়ক সেতু দিয়ে গাড়ি চলাচলে ৫৫ কিলোমিটার পথ কমে আসে। এতে ১৩ থেকে ১৫ লিটার তেল সাশ্রয় হয়। কিন্তু বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট সদরের বড়বাড়ি মহাসড়ক দিয়ে রংপুর বিভাগে যাতায়াত করলে প্রায় ৫৫ কিলোমিটার বেশি দূরত্ব পার হতে হয়। ব্যয় ও সময় দুটোই বেশি লাগে। এ কারণে পণ্য পরিবহনের গাড়ির মালিক ও শ্রমিকেরা এ সেতু পথ আবারও চালুর দাবিতে ওই মহাসড়ক অবরোধ করেন। ওই আধা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে মহাসড়কজুড়ে দূরপাল্লার নৈশকোচ, বাস, ট্রাকের দীর্ঘ জট লেগে যায়।
অবরোধের সময় বক্তব্য দেন পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সেতু দিয়ে ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলন ও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। পরে তাঁরা সড়ক অবোরধ তুলে নেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালীগঞ্জ উপজেলার ইউএনওর সঙ্গে কথা বলতে বলেন। পরে এ বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমামকে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।