
সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাতক্ষীরা সাতটি উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী, সাতক্ষীরায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মানবজমিনের প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টিভির আবদুল জলিল, ডিবিসি টেলিভিশনের এম জিল্লুর রহমান, যমুনা টিভির আকরামুল ইসলাম, এখন টিভির আহসানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আবদুল হালিম, বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব দত্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরায় কয়েকজন সাংবাদিক শপিং ভ্যালি ফুড প্রোডাক্টসের লাচ্ছা-সেমাই কারখানা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেন। ওই প্রতিবেদনের সূত্র ধরে ভ্রাম্যমাণ আদালত কারাখানাটি বন্ধ করে দেন এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ ধরনের একটি প্রমাণিত সত্য বিষয় নিয়ে প্রতিবেদন করায় শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক জহর আলী সরদার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে তালা আমলি আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৩ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সত্য ঘটনা নিয়ে প্রতিবেদন করলে মামলা করে সাংবাদিকদের হয়রানি করা হবে, তা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন বক্তারা।
মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, স্থানীয় দৈনিক পত্রদূতের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাস।
অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা বলেন, আইনমন্ত্রী বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।’ আইন সংশোধন নয়, বাতিল করতে হবে। আইনমন্ত্রী বলেছিলেন, ‘সাংবাদিকদের নামে মামলা হলে যাচাই-বাছায়ের আগে গ্রেপ্তার করা হবে না।’ কিন্তু দেখা যাচ্ছে, সাংবাদিকদের আটক করে থানায় নিয়ে আসার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হচ্ছে। এ আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। একটি গণতান্ত্রিক দেশে এ আইন বলবৎ থাকতে পারে না।