রংপুরে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রংপুরে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি খোকা চন্দ্র বর্মণকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। গতকাল রোববার রাতে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাতেই র‌্যাব-১৩–এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব-১৩ রংপুর এর আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে খোকাকে রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পদচারী–সেতুর পশ্চিম পাশ থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রংপুর সদরের একটি ইটভাটায় কাজের সুবাদে ওই গৃহবধূর সঙ্গে খোকার সখ্য গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি সন্ধ্যার পর ওই গৃহবধূর বাড়িতে যান খোকা। এ সময় গৃহবধূর স্বামী কাজে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় গত ১৩ জানুয়ারি খোকা চন্দ্র বর্মণের নামে রংপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।