পাঁচ দিনের মাথায় আবারও বন্ধ সিইউএফএলের উৎপাদন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড
ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন। গত সোমবার দুপুরে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছিল।

কারখানা পুনরায় বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সিইউএফএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হক প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার পুরো ইউনিট বন্ধ রাখা হয়েছে।

সিইউএফএলের কর্মকর্তারা বলেন, আগামী ৫ এপ্রিল বিদেশি বিশেষজ্ঞ দল কারখানায় এসে যান্ত্রিক ত্রুটি সারাতে কাজ শুরু করবে। পুনরায় উৎপাদনে যেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।

এর আগে গত বছরের ২২ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন লাগে। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়লে তা মেরামতের পর গত বৃহস্পতিবার পুনরায় উৎপাদন শুরু হয়।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলায় সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। কারখানাটিতে দৈনিক ১ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া এবং ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।