সাংবাদিক আবু জাফর হত্যা

অভিযোগপত্রে ভাইয়ের নাম, ন্যায়বিচার চায় পরিবার

হত্যা মামলাটি কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

আবু জাফর
আবু জাফর

সাংবাদিক আবু জাফর ওরফে প্রদীপ (৪২) হত্যা মামলাটি বিচারের জন্য কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। এক বছর আগে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে আবু জাফর হত্যার শিকার হন। এ ঘটনায় আবু জাফরের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে আবু জাফরের বড় ভাই ইলিয়াস হোসেন ওরফে সোহাগ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।

পুলিশ এ ঘটনায় তদন্তপূর্বক আদালতে সোহাগের নামে অভিযোগপত্র জমা দিয়েছেন। এ অভিযোগপত্র নিয়ে পরিবারের কোনো আপত্তি নেই বলে জানা যায়। পরিবারটির এখন একটাই দাবি, এ ঘটনার যেন ন্যায্য বিচার হয়।

আবু জাফরের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় ইটভাটার ব্যবসা করতেন। গত বছরের ৫ জুন রাতে আবু জাফর খুন হন।

আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার করার কথা স্বীকার করেছে। সে আত্মস্বীকৃত খুনি। আমি চাই, খুনির যেন যথাযথ বিচার হয়। বিচারে যেন ফাঁসি হয়।
জিনিয়া আক্তার, নিহত আবু জাফরের স্ত্রী

আবু জাফরের ভায়রা বাদল তালুকদার জানান, তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার তৎকালীন উপপরিদর্শক মো. মাসুম সরদার এজাহারভুক্ত প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে সোহাগের নাম উল্লেখ করে গত বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৯ জুন মামলাটি পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়েছে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, আবু জাফরের সঙ্গে তাঁর ফুপাতো বোন জিনিয়া আক্তারকে ভালোবেসে ২০০৮ সালের মার্চে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে-মেয়ে। মেয়ে তাহসিনা আক্তার প্রমি সপ্তম শ্রেণিতে পড়ছে, ছেলে আলভীরের বয়স চার বছর। জিনিয়া আক্তার বর্তমানে তাঁর দুটি সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করছেন। তাঁদের তেমন কোনো আয় নেই। বাড়ির কাছে রজপাড়া বাসস্ট্যান্ডে দোকানঘরের ভাড়া দিয়ে কোনোমতে চলছে তাঁদের জীবন। নিজের কষ্টের জীবন ও সন্তানদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কথা বলতে বলতে চোখের পানি ফেলেন জিনিয়া।

জিনিয়া আক্তার জানান, তাঁর শ্বশুর-শাশুড়ি (আবু জাফরের বাবা-মা) কেউই বেঁচে নেই। আবু জাফরের ভাই ইলিয়াস হোসেন বাড়িতে থাকতেন না। তিনি ঢাকায় বসবাস করতেন। সোহাগ পৈতৃক বাড়িভিটার অংশ বিক্রি করার জন্য ঢাকা থেকে এসে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। আবু জাফর এতে আপত্তি করেন এবং সাইনবোর্ডটি তুলে ফেলে দেন। এ নিয়ে আবু জাফরের সঙ্গে সোহাগের বিরোধ হয়। এরপর পরিবারের সবাই বসে দুই ভাইয়ের বিরোধ নিষ্পত্তি করে দেন। কিন্তু সোহাগের মনে যে ক্ষোভ ছিল, তা তাঁরা বুঝতে পারেনি। পারিবারিক জমির বিরোধের কারণেই সোহাগ ছোট ভাই আবু জাফরকে হত্যা করেছেন।

জিনিয়া বলেন, ‘যে মূল দোষী, সে নামটাই পুলিশ তদন্ত করে অভিযোগপত্রে উল্লেখ করেছে। তা ছাড়া আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার করার কথা স্বীকার করেছে। সে আত্মস্বীকৃত খুনি। আমি চাই, খুনির যেন যথাযথ বিচার হয়। বিচারে যেন ফাঁসি হয়।’