
বিদ্যুৎ বিভাগ বলছে, নর্দমা ঘেঁষে সড়কের দিকে স্থাপন করা হচ্ছে। এতে চলাচলে কোনো সমস্যা হবে না।
গাইবান্ধা শহরের ব্যস্ততম চার লেন সড়ক ঘেঁষে ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন লাইনের খুঁটি বসানো হচ্ছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাড়ছে ঝুঁকি।
তবে বিদ্যুৎ বিভাগ বলছে, চার লেন সড়কের দুই পাশে রয়েছে দোকানপাট ও বসতবাড়ি। আগের স্থানে খুঁটি স্থাপন করলে ঝুঁকিপূর্ণ হবে। তাই ৩৩ কেভি লাইন নর্দমা ঘেঁষে সড়কের দিকে স্থাপন করা হচ্ছে। এতে চলাচলে কোনো সমস্যা হবে না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের পূর্ব দিকে বড় মসজিদ মোড় থেকে পশ্চিমে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর এ কাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে ১১৭ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণে ৬ কোটি ও জমি অধিগ্রহণের জন্য ১১১ কোটি টাকা।
সড়কের দুই পাশে অধিগ্রহণ করা জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিয়ে চার লেন সড়কের কাজ হয়। কয়েক দফা তাগাদা দেওয়া পর বিদ্যুতের খুঁটি সরানো হয়। সম্প্রতি কয়েক দিন ধরে সড়ক ঘেঁষে পুনরায় লম্বা খুঁটি বসানো হচ্ছে। ফলে চার লেন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। যদিও ওই খুঁটি সরানোর জন্য সড়ক বিভাগ ৮৩ লাখ টাকা বিদ্যুৎ বিভাগকে পরিশোধ করে। নির্মাণকাজের উদ্বোধনের পরপরই এই টাকা পরিশোধ করা হয়।
গত শনিবার বিকেলে ঘুরে দেখা যায়, শহরের কাছারি বাজার থেকে পশ্চিমে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত সকড় ঘেঁষে বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছে। ইতিমধ্যে অন্তত ৩০টি খুঁটি বসানো হয়েছে। তার টানানো হয়নি। দুই পাশের নর্দমার বাইরে খুঁটি বসানোর নির্দেশনা রয়েছে। কিন্তু মূল সড়কের দিকে নর্দমা বাইরে রেখে খুঁটি স্থাপনের কাজ চলছে। বিশেষত হকার্স মার্কেট, ডাকবাংলোর মোড়, সাদুল্যাপুর মোড়, ফকিরপাড়া, পলাশপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
ফকিরপাড়া এলাকার ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, ‘সড়ক ঘেঁষে খুঁটি স্থাপনের কারণে দুই পাশের ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে পড়েছেন। সর্বক্ষণ আমাদের সতর্ক থাকতে হচ্ছে।’
মো. অকিল নামের একজন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শহরে চার লেন নির্মাণ করা হয়েছে। কিন্তু বিদ্যুতের খুঁটির কারণে যানবাহন চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। খুঁটির জায়গায় যানবাহন পারাপার করতে যানজটের সৃষ্টি হচ্ছে।
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, সড়কের দুই পাশে আগে যেসব স্থানে বৈদ্যুতিক খুঁটি ছিল, সেখানে খুঁটি না বসিয়ে সড়ক ঘেঁষে করা হচ্ছে। প্রশস্ত করতে এত টাকা ব্যয়ে সড়ক হলো, সেই সড়ক খুঁটির কারণে সংকুচিত হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এভাবে খুঁটি স্থাপন করা হচ্ছে।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের মালিক মহিউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। নাম প্রকাশ না করার শর্তে চার লেন কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বলেন, আগে যেখানে বৈদ্যুতিক খুঁটি ছিল, সেখানেই নতুন খুঁটি স্থাপনের কথা ছিল। তা না করায় মানুষের ভোগান্তি বেড়েছে।
খুঁটি সরানোর বিষয়ে ব্যাখ্যা দিলেন গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১–এর (নেসকো লিমিটেড) নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস। তিনি গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, চার লেন সড়কের দুই পাশে দোকানপাট ও বসতবাড়ি। আগের খুঁটির স্থানে খুঁটি স্থাপন করলে ঝুঁকিপূর্ণ হবে। এলাকাবাসীর অনেকে আপত্তি জানিয়েছেন। এসব কারণ ও নিরাপত্তার জন্য ৩৩ কেভি লাইন নর্দমা ঘেঁষে সড়কের দিকে স্থাপন করা হচ্ছে।