জাফলংয়ে পর্যটক হত্যার আগে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে রাখা হয়েছিল: পুলিশ

হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করে সিলেট পুলিশের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে
ছবি:  প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পর্যটক আলে ইমরানকে (৩২) হত্যার আগে আবাসিক হোটেলের সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে রাখা হয়েছিল। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ঈদের মাত্র কয়েক দিন আগে এমন ঘটনা পর্যটকদের ওপর বিরূপ প্রভাব পড়ত। কিন্তু পুলিশ আলে ইমরান হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করতে পেরেছে। মূলত জাফলংয়ের বল্লাঘাট এলাকার আবাসিক হোটেলে থাকা ক্লোজড সার্কিট টিভি ক্যামেরাটি ঘটনার কিছু সময় আগে ঘুরিয়ে রেখেছিলেন আলে ইমরানের স্ত্রী খোশনাহার। এর সূত্র ধরেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে।

১৭ এপ্রিল বেলা তিনটার দিকে জাফলংয়ের বল্লাঘাট এলাকার একটি আবাসিক হোটেল-সংলগ্ন ডাউকি নদের কাছাকাছি একটি দেয়ালের পাশ থেকে পাথরচাপা অবস্থায় আলে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলে ইমরান কিশোরগঞ্জের নিকলীর গুরই ইউনিয়নের ছেত্রা উত্তরপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। ১৬ এপ্রিল আলে ইমরান তাঁর স্ত্রী খোশনাহারকে নিয়ে জাফলংয়ের বল্লাঘাট এলাকার একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। হত্যার ঘটনায় নিহত আলে ইমরানের বাবা আবদুল জব্বার বাদী হয়ে ১৮ এপ্রিল গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডে নিহত ইমরানের স্ত্রী খোশনাহার ও তাঁর প্রেমিক মাহিদুল হাসান ওরফে মাহিনসহ (২৪) আরও দুজন জড়িত ছিলেন। খুনের ঘটনায় জড়িত চারজনকেই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশের কাছে স্বীকারও করেছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, প্রায় পাঁচ বছর আগে আলে ইমরান একই এলাকার খোশনাহারকে বিয়ে করেছিলেন। বিয়ের পর কাজের সূত্রে স্ত্রীকে আলে ইমরান ঢাকায় নেন। ঢাকার একটি ছাত্রী হোস্টেলে থেকে তাঁর স্ত্রী পড়ালেখা করছিলেন। এর প্রায় আড়াই বছর পর মাহিদুল হাসানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে খোশনাহারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাহিদুল হাসান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রেমে জড়ানোর পর থেকে মাহিদুল হাসান ও খোশনাহার বিভিন্ন সময় আলে ইমরানকে হত্যার চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় খোশনাহার তাঁর স্বামী আলে ইমরানকে বেড়ানোর কথা বলে ১৫ এপ্রিল রাতে ভৈরব থেকে ট্রেনে করে সিলেটের উদ্দেশে রওনা হন। অন্যদিকে মাহিদুল হাসান তাঁর প্রতিষ্ঠানে কর্মরত নাদিম আহমেদ (১৯) ও রাকিব নামের দুজনকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে রওনা হন। ১৬ এপ্রিল সকালে খোশনাহার ও আলে ইমরান জাফলংয়ের বল্লাঘাটের রিভারভিউ রিসোর্ট অ্যান্ড আবাসিক হোটেলে ওঠেন। একই দিনে মাহিদুল হাসান এবং তাঁর সহযোগীরা একই এলাকার অন্য একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, খোশনাহার আবাসিক হোটেলের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন। মাথাব্যথার ওষুধের কথা বলে রাত ১০টার দিকে আলে ইমরানকে ঘুমের ওষুধ খাওয়ান খোশনাহার। ওষুধ খাওয়ার পর আলে ইমরান ঘুমিয়ে গেলে রাত ১২টার দিকে খোশনাহারের কথায় মাহিদুল হাসান তাঁর দুই সহযোগীকে নিয়ে হোটেলের ওই কক্ষে যান। পরে রাত ২টার দিকে আলে ইমরানের গলায় গামছা পেঁচিয়ে খোশনাহার ও মাহিদুল হাসান শ্বাস রোধ করে হত্যা করেন। সহযোগীদের মধ্যে নাদিম আহমেদ এ সময় আলে ইমরানের পা চেপে ধরে রেখেছিলেন। আর রাকিব পাহারা দিচ্ছিলেন। আলে ইমরানের মৃত্যু নিশ্চিত হলে রাত তিনটার দিকে মাহিদুল হাসান ও তাঁর দুই সহযোগী মিলে লাশ লুকিয়ে রাখতে হোটেলের পাশের দেয়ালসংলগ্ন স্থানে পাথরচাপা দিয়ে রাখেন। পরে রাতেই তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেটে চলে আসেন।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার প্রথম দিকে পর্যটক আলে ইমরানকে হত্যার পর স্ত্রী খোশনাহারের সঙ্গে খারাপ কিছু হয়েছে কি না, এ নিয়ে পুলিশ শঙ্কিত ছিল। সে সঙ্গে পর্যটনকেন্দ্রে এমন ঘটনা ঈদে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে শঙ্কায় ছিলেন। তবে পরবর্তী সময়ে আলে ইমরান স্ত্রীকে নিয়ে যে কক্ষে ছিলেন, সেখানে তল্লাশি করে দেখা যায়, খোশনাহারের ব্যবহৃত ব্যাগ নেই। এতে ধারণা পাল্টে যায়। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা ঘোরানো অবস্থায় দেখে খোশনাহারের ওপর সন্দেহ হয় পুলিশের।

পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে সিলেটের বাইরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অবশেষে গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ডে জড়িত নাদিমকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের বেলদি গাজীরটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খোশনাহারকে। আজ সকালে খোশনাহারের প্রেমিক মাহিদুল হাসানকে রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ আজ দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম প্রমুখ।