
নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মো. রাসেলকে (৩০) হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাবেক স্ত্রীর নাম ফারজানা আক্তার (২৬)। এ ঘটনায় গ্রেপ্তার বাকি দুজন হলেন নাদিয়া সুলতানা (২৫) ও মো. সেলিম (২৫)। এর মধ্যে নাদিয়া ফারজানার বোন ও সেলিম ফারজানার নতুন স্বামী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নোয়াখালীতে এসআরবি-১১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর কোম্পানি কমান্ডার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। তিনি বলেন, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এর আগে গত বুধবার রাতে নিখোঁজের পাঁচ দিন পর উপজেলার শানুখালী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে মো. রাসেলের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পায় পুলিশ। এটি তাঁর সাবেক শ্বশুরবাড়ি। মো. রাসেল উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি নোয়াখোলা ইউনিয়ন শ্রমিক দল কমিটির সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে এসআরবির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১০ বছর আগে রাসেলের সঙ্গে ফারজানার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে রাসেলের খালাতো ভাই সেলিমের সঙ্গে ফারজানার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দিলে এক বছর আগে ফারজানা ও রাসেলের বিচ্ছেদ হয়। এরপর থেকে দুই সন্তান রাসেলের বাড়িতে থাকত। তবে বিচ্ছেদ মেনে নিতে না পেরে রাসেল প্রায়ই শ্বশুরবাড়িতে গিয়ে ফারজানার সঙ্গে কথা বলার চেষ্টা করতেন।
এসআরবি জানায়, রাসেলের সঙ্গে বিচ্ছেদের পর এক মাস আগে ফারজানা গোপনে সেলিমকে বিয়ে করেন। তবে রাসেলের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ রাখতেন তিনি। ৬ নভেম্বর ফারজানা মুঠোফোনে কল করে রাসেলকে শ্বশুরবাড়িতে আসতে বলেন। সেখানে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ফারজানা ও সেলিম মিলে তাঁকে হত্যা করেন। পরে ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লাশ মাটিচাপা দিয়ে তাঁরা আত্মগোপনে চলে যান।
এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে ফারজানা ও নাদিয়াকে গ্রেপ্তার করে এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ দল। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
৬ নভেম্বর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন রাসেল। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে রাসেলের সাবেক স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের আত্মগোপনে থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে পুলিশের সন্দেহ হলে তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়।