জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

জালাল উদ্দিন
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের পাশের হাস্তাবসন্তপুর রেলগেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪২)। তিনি বগুড়ার সোনাতলা পৌর এলাকার আবদুল কাদের ছেলে। নিহত জালাল উদ্দিন মানসিক রোগী ছিলেন বলে তাঁর চাচাতো ভাই আরিফ হোসেন বলছেন।
হাস্তাবসন্তপুর রেলগেট এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে জালাল উদ্দিন লুঙ্গি ও গেঞ্জি পরে হাস্তাবসন্তপুর রেলগেটে এসে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তিনি রেলগেটের পূর্বদিকের দোকানি মোহাম্মদ আলীর কাছে গিয়ে জানতে চান, কখন ট্রেন আসবে।

কিছুক্ষণ পর জালাল উদ্দিন ওই দোকানের ১০ থেকে ১৫ গজ উত্তর দিকে গিয়ে রেললাইনের পাশে বসে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেনটি ধীরগতিতে আক্কেলপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনের কয়েকটি বগি অতিক্রম করে যাওয়ার পর জালাল উদ্দিন ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিনের মৃত্যু হয়।

খবর পেয়ে আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান ঘটনাস্থলে আসেন। পরে তিনি নিহত ব্যক্তির পরনের লুঙ্গির কোমড়ে একটি মুঠোফোন খুঁজে পান। ওই মুঠোফোনের সূত্র ধরে স্টেশনমাস্টার নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।

স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, প্রত্যক্ষদর্শীদের কথা বলে জানা গেছে, ঈদ স্পেশাল ট্রেনটি যাওয়ার সময় ওই ব্যক্তি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাঁর সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির চাচাতো ভাই আরিফ মুঠোফোনে তাঁকে জানিয়েছেন, জালাল উদ্দিন মানসিক রোগী ছিলেন। ঈদের তিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর আগেও জালাল উদ্দিন কয়েকবার এভাবে নিখোঁজ ছিলেন। কিছুদিন পর আবারও বাড়িতে ফিরেছিলেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, আক্কেলপুর রেলস্টেশনের অদূরে হাস্তাবসন্তপুর রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।