রংপুর নগরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রংপুরে পুকুর থেকে মনিরুজ্জামান ওরফে মানিক (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার নগরের ১৫ নম্বর ওয়ার্ডের হরিরামপুর এলাকায় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরুজ্জামান হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নগরের দর্শনা বটতলা এলাকায় নতুন–পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশা কেনাবেচা করতেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।

তাজহাট থানা সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি ফেরার পথে ওই এলাকার পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখেন। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তাজহাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বলেন, লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা ব্যবসায়ীর মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।