
ঈদুল ফিতরের সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার দিক থেকে ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে হাসপাতালের রান্নাঘরের পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
রোগীদের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদের দিন রোগীদের জন্য পোলাও, মুরগির মাংস, সেমাই, রুটি ও গ্রামীণ পিঠার ব্যবস্থা করা হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান নিয়েও ইতিবাচক মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকেরা যথাসময়ে দায়িত্ব পালন করছেন এবং রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। পরিদর্শনের সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেও সন্তোষ প্রকাশ করেছেন।
হাসপাতালে পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় চিকিৎসকদের লিয়েন (স্থায়ীভাবে অধিষ্ঠিত থাকা) ও ডেপুটেশন (প্রেষণ) বিষয়ে কড়া অবস্থান তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে যাঁরা লিয়েন বা ডেপুটেশনে বাইরে রয়েছেন, তাঁদের ৩০ দিনের মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা হবে। তবে উচ্চশিক্ষার জন্য বাইরে অবস্থানরত চিকিৎসকদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
এ ছাড়া ছুটি নিয়ে বাইরে ব্যক্তিগতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনাকে অনৈতিক উল্লেখ করে মন্ত্রী তিনি বলেন, এমন একটি ঘটনার জন্য ইতিমধ্যে এক চিকিৎসকের লাইসেন্স স্থগিত করা হয়েছে।