
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সুন্দরবনের নদ-নদী ও খালে পানি বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ভোররাত থেকে সুন্দরবনে স্বাভাবিকের তুলনায় জোয়ারে পানি বাড়তে শুরু করে। শুক্রবার জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ফুট পানি বৃদ্ধি পায়।
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, মূলত ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এমনটি হচ্ছে।
শ্যামা প্রসাদ রায় বলেন, অমাবস্যার গোনের (কৃষ্ণপক্ষ বা মরা গোন) সময় জোয়ারের পানির উচ্চতা কম হয়ে থাকে। আর পূর্ণিমার গোনে (শুক্লপক্ষ) পানি বেশি হয়। কিন্তু চলতি মরা গোনে (অমাবস্যায়) স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়েছে মূলত মোখার প্রভাবে। এ ছাড়া সুন্দরবন উপকূলে শুক্রবার বিকেল থেকে বাতাসের পাশাপাশি নদীতে ঢেউও বেড়েছে। আর দেড় থেকে দুই ফুট পানি বাড়লে বনের ভেতরে বন্য প্রাণীর আবাসস্থল তলিয়ে যেতে পারে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোখার জন্য বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাঁদের প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় খাবারসহ শুকনা খাবার মজুত করার জন্য প্রতিটি টহল ফাঁড়ি ও অফিসকে বলা হয়েছে। মোখার ক্ষয়ক্ষতি এড়াতে বন বিভাগের সব রেঞ্জ, স্টেশন, টহল ফাঁড়িতে থাকা আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মূল্যবান মালামাল সাবধানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বনকর্মীরা বলছেন, আগে এক বা দুটি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আঘাত হানত বাংলাদেশে। এখন ৬ থেকে ৭টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মুখোমুখি হতে হচ্ছে সুন্দরবনকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি হচ্ছে।
সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানজিলুর রহমান বলেন, গত দুই দিনে সুন্দরবনে জোয়ারের পানির উচ্চতা যে হারে বাড়ছে, তাতে বন্য প্রাণী হুমকির মুখে আছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে জোয়ারের পানি আরও বেড়ে গেলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে। এতে বন্য প্রাণীর ক্ষতির আশঙ্কা আছে। তিনি বলেন, সুন্দরবনের ভেতরে কিছু উঁচু জায়গা আছে। যেখানে বন্য প্রাণীগুলো আশ্রয় নিয়ে টিকে থাকতে পারে।