আগুনে পুড়ে যাওয়া পিকআপ ভ্যান
আগুনে পুড়ে যাওয়া পিকআপ ভ্যান

রাউজানে গভীর রাতে কেন গাড়িতে আগুন, কারাইবা দিচ্ছে

চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার একই উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুই দিনের ব্যবধানে দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুণ্ডেশ্বরী এলাকায় একটি বাড়ির সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে পিকআপ ভ্যানটি রাখা ছিল। গাড়িটির মালিক স্থানীয় বাসিন্দা টিপু দাশ। তিনি প্রতিদিন গাড়িটি বাড়ির ভেতরে রাখতেন। তবে শুক্রবার রাতে গাড়িটি সড়কের পাশে রেখে বাড়িতে চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়। ভোরে স্থানীয় লোকজন পুড়ে যাওয়া গাড়িটি দেখতে পান। এর পর থেকেই এলাকার মানুষেরা আতঙ্কে রয়েছেন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি কেউ।

ঘটনার পর পুড়ে যাওয়া গাড়িটি দেখতে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। তাঁরা এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেন।

সাবের সুলতান প্রথম আলোকে বলেন, এলাকায় অস্থিরতা ও আতঙ্ক তৈরির জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসব করছে। তাঁরা এসব প্রতিরোধ করবেন। মানুষের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এর দুদিন আগেও গহিরা এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কোনো ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।