পিটাছড়ার লজ্জাবতী বানর
পিটাছড়ার লজ্জাবতী বানর

বানর রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে প্রাইমেট ফেয়ারের আয়োজন

বন রক্ষায় বড় ভূমিকা পালন করে বানর, হনুমানসহ প্রাইমেট গোত্রের প্রাণীরা। অথচ এসব প্রাণী রক্ষায় তেমন কোনো বড় উদ্যোগ নেই। লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমানসহ এ দেশের প্রকৃতিতে থাকা প্রাইমেট গোত্রের প্রাণীর সংখ্যা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির মাটিরাঙার পিটাছড়ায় অনুষ্ঠিত হয়ে গেল প্রাইমেট ফেয়ার।

বাংলাদেশের বানরগোত্রীয় (প্রাইমেট) প্রাণী সংরক্ষণ এবং বন ও বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগ। সহযোগিতায় ছিল জার্মানভিত্তিক সংগঠন প্লামলরিস ই ভি বাংলাদেশ। অনুষ্ঠান উদ্বোধন করেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। উপস্থিত ছিলেন পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল, বন্য প্রাণী গবেষক হাসান আল রাজি।

প্রাইমেট ফেয়ারে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

আয়োজকেরা জানান, প্রাইমেট গোত্র নিয়ে সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এমন আয়োজন করা হয়।

তাঁরা আরও জানান, চার বছর ধরে লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, মুখপোড়া হনুমানসহ বিভিন্ন প্রজাতির প্রাইমেট সংরক্ষণে নিয়মিতভাবে প্রাইমেট ফেয়ারের আয়োজন করা হচ্ছে।

বায়োস্কোপে প্রাইমেট গোত্রের সম্পর্কে জানছে শিশুরা

মেলায় বিভিন্ন বিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়। বানর গোত্রের প্রাণীদের স্বভাব, বাসস্থানসহ নানা বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রকৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনাও হয়। অনুষ্ঠানে বায়োস্কোপ প্রদর্শনী, গান, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ প্রতিযোগিতাও ছিল। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় গাছের চারা। মেলায় আসা খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রাইমেট গোত্রের নানা বিষয় নিয়ে আগ্রহভরে জেনেছে শিক্ষার্থীরাও।