
নিজের তিন মাসের শিশুকে বিক্রি করে চুরির অভিযোগ করেন এক নারী। পরে পুলিশ ওই শিশুকে উদ্ধার ও ওই শিশুকে বিক্রির ৪০ হাজার টাকাও উদ্ধার করে।
ওই নারীর নাম মুন্নি আক্তার (২৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। তাঁর স্বামী ইমারত ফকির মাদারীপুরের শিবচরের উতরাইল গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের মা। তাঁর স্বামী প্রবাসী।
এ ঘটনায় সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ওই নারী গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি উল্লেখ করেন, গত রোববার সকাল সোয়া ৯টার দিকে তিনি ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে আসেন। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শিশুটিকে অজ্ঞাতনামা এক নারীর কাছে দিয়ে যান। পরে এসে তিনি শিশুসহ ওই নারীকে খুঁজে পাননি।
পুলিশ সুপার বলেন, শিশু হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ও ওই নারীর মুঠোফোনের কল রেকর্ড অনুসন্ধান করে প্রযুক্তির মাধ্যমে তদন্ত চালিয়ে সোমবার বেলা ১১টার দিকে ওই শিশুটিকে ভাঙ্গা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, ওই নারী শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করে পরিবারের অন্যান্য সদস্য ও প্রবাসী স্বামীকে বুঝ দেওয়ার জন্য চুরির এ নাটক সাজান।
পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ওই নারীর আরও দুটি সন্তান রয়েছে, বর্তমানে তাঁর প্রবাসী স্বামী ঠিকমতো তাঁকে আর্থিক সহযোগিতা করছিলেন না বলে তিনি আর্থিক সংকটে পড়ায় শিশুটিকে বিক্রির সিদ্ধান্ত নেন বলে জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল্লা বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কল) সুমন কর, ওসি এম এ জলিল, মধুখালী থানার ওসি মো. শহীদুল ইসলাম, পরিদর্শক টিআই তুহিন লস্কর প্রমুখ।