নেত্রকোনায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনায় মাছবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি রাস্তার পাশে পড়ে ছিল
ছবি: প্রথম আলো

নেত্রকোনায় মাছবাহী পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন অটোরিকশার যাত্রী। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বারহাট্টার মনাষ গ্রামের হারাধন দাস (৪০) ও সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমেশ সরকার (৪২)। আর আহত দুই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোনাগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারাধন দাস নিহত হন। আহত হন তিনজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রমেশ সরকারকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, পিকআপ ও চালককে আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।