সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার জাহাজভাঙা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আশরাফ মোল্লা (৬৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় তাহের শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবার বিকেলে একই ইউনিয়নের কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন লিমিটেড নামের অক্সিজেন তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত ও ২৪ জন আহত হন। এ ঘটনার পাঁচ দিনের মধ্যে আবারও অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু হলো।

নিহত আশ্রাফ মোল্লার বাড়ি নড়াইলের লোহাগাড়া থানার কুমোরডাঙ্গা গ্রামে। তিনি তাহের শিপ ব্রেকিং ইয়ার্ড নামের ওই জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার শ্রমিকের কাজ করতেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকেই আশ্রাফ মোল্লা ওই কারখানায় স্ক্র্যাপ লোহা কাটার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তবে সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই আশ্রাফ মোল্লার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আশ্রাফের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অপমৃত্যুর মামলা করবে।