
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পুলিশের করা দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির অন্য পাঁচ নেতারা হলেন—জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াদ আহমেদ, কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও নোমান।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর ‘অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ, ভাঙচুরের’ অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম বলেন, আজ সকালে বিএনপির নেতারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।