
বগুড়ার শেরপুরে গভীর রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ ভয়ভীতি প্রদর্শন করছে অভিযোগ করেছেন দলটির নেতারা।
রোববার রাত আটটার দিকে শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়েছে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম। এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, আগামীকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ‘তারুণ্যে সমাবেশ’ করবে জেলা বিএনপি। এ সমাবেশকে ঘিরে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে শেরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ও তাঁদের সহযোগী সংগঠনের অনেক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় তাঁদের সোমবারের সমাবেশে না যাওয়া এবং এ নিয়ে কোনো মিছিল না করার জন্য ভয়ভীতি দেখানো হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা ওরফে মামুন, উপজেলা যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির আহ্বায়ক কাউসার কলিন্স, শেরপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহিনসহ বেশ কয়েকজন নেতার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। এসব নেতার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও নেই।
সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে আজ রাতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা প্রথম আলোকে বলেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন।