সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের পিআইসিইউয়ের সামনে। গতকাল বুধবার বিকেলে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের পিআইসিইউয়ের সামনে। গতকাল বুধবার বিকেলে

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির নাম আরিশা (৫ মাস)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইব্রাহিম মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে হামের উপসর্গ নিয়ে ওই শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার দুপুরে একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর (৪ মাস) মৃত্যু হয়েছিল।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম জানান, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে নতুন করে দুজনের হাম শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে হাম শনাক্ত রোগী ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ জন, মৌলভীবাজারের ১২ জন, সুনামগঞ্জের ১১ জন ও হবিগঞ্জের ৬ জন (২ জন রুবেলা)। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩৬ জন। এ ছাড়া সিলেট বিভাগে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগী ১০১ জন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন।