পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘পুলিশ নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা প্রতিপালনে পুলিশ সদস্যরা বদ্ধপরিকর।’
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত আছে জানিয়ে আবদুল্লাহ আল–মামুন আজ শুক্রবার সুনামগঞ্জ পুলিশ লাইনসে অনুষ্ঠিত অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও মানুষের জীবনমানের পরিবর্তন প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেছেন, ‘আমরা স্কুলে যেতাম খালি পায়ে, লুঙ্গি পরে। আমি বাড়ি থেকে ১৮ কিলোমিটার হেঁটে স্কুলে গিয়ে পড়েছি। এখন সেই দিন নাই। সব স্কুলেই শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে যায়। বছরের প্রথম দিন সবাই বই পায়। আমরা সেই সুযোগ পাইনি।’
পুলিশপ্রধান তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নেন তখন মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের ওপরে। এখন সেটা ২ হাজার ৮২৪ ডলার। তাঁর নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। করোনার সময়ে বিভিন্ন দেশ যখন বৈশ্বিক মন্দার কবলে পড়ে তখন প্রধানমন্ত্রীর দক্ষতায় আমরা কিন্তু সে রকম দুরবস্থায় পড়িনি। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের প্রবৃদ্ধি ঈর্ষণীয় অবস্থায় রয়েছে।’
আইজিপি দেশে নানা খাতে উন্নয়নের কথা উল্লেখ করে আরও বলেন, বিদ্যুৎ গ্রামে গ্রামে পৌঁছে গেছে। সাংবাদিকেরা একসময় বড় বড় ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করতেন। আলাদা ক্যামেরাম্যান লাগত। এখন হাতে হাতে স্মার্টফোন। কাজ সহজ হয়েছে। উন্নয়নের ফলেই মানুষের জীবনযাত্রায় এই পরিবর্তন এসেছে।
দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে জানিয়ে পুলিশপ্রধান আরও বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং পুলিশ প্রস্তুত আছে।’
নিজের জেলা সুনামগঞ্জ সম্পর্কে আইজিপি বলেন, ‘সুনামগঞ্জের জল-কাদায় বেড়ে উঠেছি। এখানে এসে খোলা বাতাসে প্রাণভরে নিশ্বাস নিই। দেশের যেসব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে আমরা প্রশংসা করি। এর মধ্যে সুনামগঞ্জ একটি। এখানে মারামারি, হানাহানি, দাঙ্গা-হাঙ্গামা নাই। এটা শান্তির জেলা। এখানে চাকরি করতে আসা ব্যক্তিরাও শান্তি পান।’
অনুষ্ঠানে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ উপস্থিত ছিলেন।