ময়মনসিংহ–১১ আসনে (ভালুকা) ভোটারদের মধ্যে পান-সুপারি বিতরণ করার সময় ধানের শীষের এক কর্মীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেল ৫টার দিকে এই সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।
সাজা পাওয়া যুবকের নাম রিয়াদ পাঠান (২৮)। তিনি ভরাডোবা এলাকার বাসিন্দা। এর আগে ভোটারদের মুড়ি খাওয়ার ঘটনায় তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভরাডোবা ইউনিয়নের পুরুয়া নারাঙ্গিপাড়া গ্রামে আচরণবিধি ভঙ্গ করে ধানের শীষের পক্ষে আজ সকাল থেকে ভোটারদের পান-সুপারি প্যাকেট করে বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। স্থানীয় একটি দোকানের সামনে পান-সুপারি প্যাকেট করে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছিল। এ সময় আনুমানিক ৪০০ প্যাকেট পান-সুপারিসহ রিয়াদ পাঠানকে (২৮) আটক করা হয়। পরে তাঁকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, ভোটারদের পান-সুপারি বিতরণ করার অপরাধে এক যুবককে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে ওই যুবকসহ আরেকজন ভোটারদের মুড়ি খাওয়ানোর সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ১০ দিন আগের ওই ঘটনায় তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন।