ফেনী জেলা যুবদলের সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন ওরফে জসিমকে (৪৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী সদর মডেল থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে। এরপর জাকির হোসেনকে ঢাকা থেকে ফেনী নিয়ে আসা হয়।

জাকির হোসেনের বাড়ি ফেনী সদর উপজেলার দলিয়া ইউনিয়নের মাথিনপুর গ্রামে। তবে তিনি ফেনী শহরের রামপুরে একটি বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর ফেনী শহরের রামপুরের বাসা থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে ফেনী মডেল থানা-পুলিশ বাদি হয়ে একটি অস্ত্র মামলা করেছে।

তবে জাকির হোসেনের স্ত্রী লুৎফুর নাহার অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে পুলিশ পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে এর আগেও সাতটি মামলা রয়েছে। তবে জাকির হোসেনের স্ত্রীর অভিযোগ ওসি অস্বীকার তিনি বলেন, জাকিরের স্ত্রীর অভিযোগ সত্য নয়। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।