দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমাদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকেরা। ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের চেয়ে স্থানীয় বাজারে দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কায় তাঁরা এই পদক্ষেপ নিয়েছে। একই কারণে স্থানীয় চাষিরা বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়িয়েছেন। এতে কাঁচা মরিচের দাম কমে গেছে।
স্থানীয় সবজি ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিরামপুর শহরের পুরাতন বাজারে গত সপ্তাহের তুলনায় বেশি পরিমাণ কাঁচা মরিচের সরবরাহ হয়েছে। এতে গত সপ্তাহে যে কাঁচা মরিচ পাইকারি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই কাঁচা মরিচ আজ ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলে দাম কম পাবেন, এমন আশঙ্কায় উপজেলার সবজি অঞ্চল হিসেবে পরিচিত মুকুন্দপুর, পলিপ্রয়াগপুর, জোতবানী ইউনিয়ন ও পৌরসভার প্রস্তমপুর, সারাঙ্গপুর, মাহমুদপুরসহ কয়েকটি গ্রাম থেকে মরিচচাষিরাও জমি থেকে কাঁচা মরিচ তুলে পাইকারি বাজারে বিক্রি করছেন। পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় স্থানীয় খুচরা বাজারগুলোতে এর দামে প্রভাব পড়েছে।
স্থানীয় কাঁচা মরিচ ব্যবসায়ীরা বলছেন, যদি ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকে আর গ্রামের মরিচচাষিরা এভাবে নিয়মিত বিক্রি করেন, তাহলে আগামী সপ্তাহের মধ্যেই খুচরা বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৭০–৮০ টাকায় নেমে আসবে। তবে হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের বিভিন্ন উপজেলাসহ উত্তরবঙ্গে কাঁচা মরিচের পাইকারি ও খুচরা বাজার আবারও চড়া হতে পারে ।
বিরামপুর উপজেলার শিবপুর গ্রাম থেকে পাইকারি বাজারে কাঁচা মরিচ নিয়ে এসেছেন কৃষক আবদুস সালাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাঁচা–পাকা দুই ধরনের মরিচই বাজারে এনেছি। পাকা মরিচ পাইকারি ৮০ টাকা ও কাঁচা মরিচ ১৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলে আমরা স্থানীয় কৃষকেরা পরে দাম কম পাব। তাই জমি থেকে বেশি করে কাঁচা মরিচ তুলেছি।’
বিরামপুরের পুরাতন বাজারে সবজি কিনতে এসেছেন মির্জাপুর গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে বিরামপুরের কোনো বাজারেই তো কাঁচা মরিচের সংকট হয়নি। তাহলে দুদিন আগে বাজারে কেনো কাঁচা মরিচের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল। কাঁচা মরিচের লাগামহীন দাম নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সেটি ভাঙতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
বিরামপুর পুরাতন বাজারে কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, একদিক দিয়ে ভারত থেকে এলসির মাধ্যমে কাঁচা মরিচ আসছে, আবার গ্রামের কৃষকেরাও জমি থেকে বেশি করে মরিচ তুলছেন। এ জন্য গত দুই দিনের তুলনায় আজ কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠান সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান ওরফে বাবলু হাজী প্রথম আলোকে বলেন, ‘ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে গতকাল ও আজ ট্রাকে কাঁচা মরিচ তোলা হয়নি। এই কারণে ভারত থেকে দুদিন কাঁচা মরিচ আমদানি হয়নি। আমার প্রতিষ্ঠানের নামে ৩০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির এলসি (ঋণপত্র) খোলা আছে। আগামীকাল (বুধবার) হিলি স্থলবন্দর দিয়ে আমার দুই ট্রাক কাঁচা মরিচ আসার সম্ভাবনা আছে।’
হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে এলসির মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে প্রায় ১৬০ টাকা। স্থলবন্দরের শুল্ক স্টেশনে প্রতি কেজি কাঁচা মরিচে শুল্ক প্রায় ৩৫ টাকা, এছাড়া অন্যান্য খরচসহ ২০০ টাকা খরচ পড়ছে। বাংলাদেশে দেশীয় মরিচের পাইকারি দাম প্রতি কেজি ২০০ টাকারও কম। ফলে আমদানিকৃত এই কাঁচা মরিচ বাংলাদেশে বিক্রি করলে আমদানিকারকদের লোকসান গুনতে হবে।
তবে কাঁচা মরিচ নিয়ে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ বললেন ভিন্ন কথা। তিনি প্রথম আলোকে বলেন, চলতি খরিপ মৌসুমে বিরামপুর উপজেলায় ৪৮ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ছিল। এবার লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। এবার জমিতে মরিচের ফলনও অনেক ভালো হয়েছে। যে পরিমাণ মরিচ আবাদ হয়েছে, তাতে এ এলাকায় মরিচের সংকট হওয়ার আশঙ্কা নেই।