কুড়িগ্রামে গর্তে মিলল স্কুলছাত্রের লাশ

লাশ
প্রতীকী ছবি

কু‌ড়িগ্রাম সদর উপজেলায় একটি গর্তে স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে উপজেলার বেলগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলগাছা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ছাত্রের নাম সি‌মিত চন্দ্র (১২)। সে একই গ্রামের মা‌নিক চন্দ্রের ছেলে। সি‌মিত স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সি‌মিত ও তার বড় ভাই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গীতা সংঘ অনুষ্ঠানে যায়। রাতে বড় ভাইয়ের ঘুম পেলে সে সি‌মিতকে অনুষ্ঠানস্থলে রেখে বা‌ড়িতে চলে আসে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে সি‌মিতের সঙ্গে এক কিশোরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কিশোর গলা চেপে ধরলে সিমিত মারা যায়। পরে তার লাশ পরিত্যক্ত গর্তে পুঁতে রাখা হয়। এদিকে সি‌মিত রাতে বা‌ড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করেন। ওই কিশোরকে সিমিতের বিষয়ে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন আচরণ করে। পরে ওই কিশোরের বাড়ির পাশে গর্তে পুঁতে রাখা অবস্থায় সিমিতের লাশ পাওয়া যায়। খবর পেয়ে আজ ভোরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় ওই কিশোরকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে সিমিতকে মারার বিষয়টি সে স্বীকার করেছে। সে পুলিশকে বলেছে, ওই কিশোরের সঙ্গে এক‌টি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ে‌টির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এ নিয়ে সি‌মিতসহ অনেকেই ওই কিশো‌রকে খোঁচা দিত। গতকাল রাতে সি‌মিত ওই কিশোরকে এ নিয়ে আবারও খোঁচা দেয়। ক্ষুব্ধ হয়ে কিশোর সি‌মিতকে হত্যা করে। এ ঘটনায় কিশোরের বড় ভাই ও বাবাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।