নাটোরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টা অবস্থান কর্মসূচির কারণে বিএনপি নেতা-কর্মীরা বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান না করে শুধু স্মারকলিপি দিয়ে ফিরে এসেছেন। লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি নাটোরের বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি দিয়েছিল।
জেলা বিএনপি ও সদর থানা সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা মোতাবেক জেলা বিএনপি সকাল পৌনে নয়টায় শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব রহিম নেওয়াজ ও সদস্য ফরহাদ আলী দেওয়ান।
মিছিলটি একই এলাকার বিদ্যুৎ কার্যালয়ের সামনে যায়। বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে তাঁরা সেখানে পৌঁছার পরপরই প্রকৌশলী মো. আকতারুজ্জামানের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার জন্য যান। এতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএনপি নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন না করেই সেখান থেকে দ্রুত সরে যান। আওয়ামী লীগ নেতা-কর্মীরা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পুলিশ বিদ্যুৎ কার্যালয়ের অদূরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান নেয়।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘তাঁরা সব সময় সহিংসতা এড়ায়ে কর্মসূচি পালন করতে চান। কিন্তু আওয়ামী লীগ আগবাড়িয়ে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে। আজও আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বিদ্যুৎ কার্যালয়ে গিয়েছিলাম। কার্যালয়টি আমাদের দলীয় কার্যালয়ের পাশেই। কিন্তু আওয়ামী লীগ নেতারা সেখানে গিয়ে আমাদের কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করেন। পরে আমরা স্মারকলিপি দিয়ে চলে এসেছি।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখ বলেন, ‘বিদ্যুতের সাময়িক সমস্যাকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা তা করতে দিতে পারি না। আমরা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছি।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, আগে থেকেই বিএনপি কার্যালয় ও বিদ্যুৎ কার্যালয়ের আশপাশে পুলিশ প্রহরা ছিল। শান্তিশৃঙ্খলার বিঘ্ন হয়নি। উভয় দল শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে।