ধুনটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচার মৃত্যু, ভাতিজা হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচার মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে মোটরসাইকেলের চালক তাঁর ভাতিজা হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার খন্দকারপাড়ার গোলজার হোসেনের বাড়ির সামনে ধুনট-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম ফেরদৌস আলম (৪৩)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হাজারহাটি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। আহত তাঁর ভাতিজা হলেন আবদুল ওয়াদুদ ওরফে মানিক (২২)। তিনি একই গ্রামের ওসমান গণির ছেলে। নিহত ফেরদৌস আলম ও আহত আবদুল ওয়াদুদ পরস্পর প্রতিবেশী চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস আলম এক মাস আগে শেরপুর শহর থেকে একটি নতুন মোটরসাইকেল কেনেন। এখন পর্যন্ত ভালোভাবে মোটরসাইকেল চালাতে পারেন না। এ কারণে প্রতিবেশী ভাতিজা আবদুল ওয়াদুদকে মোটরসাইকেলের চালক হিসেবে নিয়ে বৃহস্পতিবার সকালে ফেরদৌস আলম বাড়ি থেকে শেরপুরে মোটরসাইকেলটি সার্ভিসিং করতে যান। সার্ভিসিং শেষে ফেরদৌস আলমকে পেছনে বসিয়ে আবদুল ওয়াদুদ মোটরসাইকেলটি চালিয়ে বাড়ির পথে ফিরছিলেন। বেলা দেড়টার দিকে খন্দকারপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে আসা শেরপুরগামী যাত্রীবাহী একটি চলন্ত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চাচা ও ভাতিজা আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে দুজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌস আলম মারা যান। আহত আবদুল ওয়াদুদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ফেরদৌস আলমের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে যাত্রীবাহী বাসটি শনাক্তের চেষ্টা চলছে।