
সিলেটে কাল শনিবার বেশ কিছু এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম। এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়ে সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সিলেট সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজের জন্য সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি বিমানবন্দর, ২ কেভি বিমানবন্দর এক্সপ্রেস এবং ১১ কেভি সিটি ফিডারের আওতাধীন লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এম এ জি ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপার, লাখাউড়া, সলেপুর, ক্যাডেট কলেজ, ধোপাগুল, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছলিয়া, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মো. ফজলুল করিম জানান, উন্নয়নকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এর আগে শেষ হলে সময়ের আগেই সরবরাহ স্বাভাবিক করা হবে।