লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে তোলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে তোলা

হাতীবান্ধা সীমান্তের ওপারে রাতে লোকজনের আনাগোনা, বিজিবির টহল জোরদার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার ভেতরে রাতে হঠাৎ আলো বন্ধ ও লোকজনের আনাগোনা বাড়ায় উদ্বেগ তৈরি হয়। গতকাল শুক্রবার রাতের এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার পর সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

আজ শনিবার সকাল ৯টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বনচৌকি এলাকার সীমান্ত পিলার ৯০৬/৮ এস–সংলগ্ন এলাকায় বিএসএফের পাগলামারী ক্যাম্পের আওতাধীন ভারতের মধ্যে কাঁটাতারের বেড়ার ভেতরে হঠাৎ আলো বন্ধ হয়ে যায়। এ সময় সেখানে কিছু লোকজনের আনাগোনা দেখা গেলে উদ্বেগ তৈরি হয়। লালমনিরহাট ১৫ বিজিবির টহল দল ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সেখানে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও বিজিবি টহল দলের মাধ্যমে সীমান্তের প্রচলিত নিয়মনীতি মেনে চলা ও শূন্যরেখার দিকে না যেতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।