সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরার তালা উপজেলায় রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দের পর নষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টায় পাটকেলঘাটা থানা চত্বরে
ছবি: প্রথম আলো

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় রাসায়নিক দিয়ে পাকানো চার হাজার কেজি আম জব্দের পর তা গাড়ির চাকা দিয়ে পিষে নষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা ১১টায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেনের উপস্থিতিতে এসব আম নষ্ট করা হয়।

এ নিয়ে গত দুই সপ্তাহে জেলায় ৬১ হাজার কেজি অপরিপক্ব আম জব্দের পর নষ্ট করল জেলার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে ঢাকায় পাঠানোর জন্য চার হাজার কেজি অপরিপক্ব গোবিন্দভোগ আম পিকআপে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়।

মো. আরাফাত হোসেন আরও বলেন, এসব আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিলেন কয়েকজন ব্যবসায়ী। তবে এ সময় ওই ব্যবসায়ীদের পাওয়া যায়নি।

আমগুলো ধ্বংসের সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।