সিইসির পদত্যাগ চেয়ে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থীর ওপর হামলার বিচার এবং সিইসির পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। শুক্রবার রাজশাহী মহানগরের সাহেব বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা–কর্মীরা। এই কর্মসূচি থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ চাওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ–মিছিল করে ইসলামী আন্দোলনের রাজশাহী মহানগর শাখা।

জুমার নামাজের পরপরই দলের নেতা-কর্মীরা নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে সমাবেশ করে। মিছিলে নেতা-কর্মীরা ‘এক দফা এক দাবি, সিইসির পদত্যাগ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইসলামী আন্দোলনের রাজশাহী মহানগর শাখার সহসভাপতি মুরশিদ আলম ফারুকী বক্তব্য দেন। তিনি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন। বরিশালে তাঁদের দলীয় প্রার্থীর ওপর হামলার জেরে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মুরশিদ আলম নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর পর থেকে তাঁরা রাজশাহীতে নির্বাচনী প্রচারে নেই।

সিইসির পদত্যাগ চেয়ে মুরশিদ আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিল অবাধ, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেবে। কিন্তু আজকে সিইসি জনগণের সঙ্গে তামাশা শুরু করেছেন। নির্বাচন নিয়ে পুতুল খেলা বন্ধ করুন। এই পুতুল খেলা জনগণ মেনে নেবে না। বাংলার জনগণ সিইসি আপনাকেও চায় না, প্রধানমন্ত্রীকেও চায় না। অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি করছি।’