নির্মাণকাজ শেষ, হস্তান্তর না হওয়ায় চালু হচ্ছে না শ্যামপুরের রাসায়নিকের গুদাম

গুদামের মূল ফটক থেকে শুরু করে পানির ট্যাংক—সবই প্রস্তুত, রং-বার্নিশের কাজও শেষ হয়েছে অনেক আগেই। তবে এখনও গুদামটি চালু করা হয়নি। গতকাল বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের শ্যামপুরে
ছবি: দিনার মাহমুদ

পুরান ঢাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম অস্থায়ী ভিত্তিতে সরিয়ে নিতে ঢাকার শ্যামপুরে গুদাম নির্মাণের কাজ শুরু হয় বছর তিনেক আগে। গত বছরের ডিসেম্বরে গুদামের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে গত দুই মাসেও গুদামটি চালু করা হয়নি। সেখানে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম বরাদ্দও দেওয়া শুরু হয়নি।

আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় গুদামটি এখনো চালু হয়নি বলে জানিয়েছে গুদাম নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান। কবে নাগাদ গুদামটি চালু হতে পারে, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারিতে ঢাকার চকবাজারের চুড়িহাট্টার আগুনে পুড়ে ৭১ জনের মৃত্যু হয়। এরপর পুরান ঢাকা থেকে সব রাসায়নিক গুদাম অস্থায়ী ভিত্তিতে সরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের শ্যামপুরে অবস্থিত উজালা ম্যাচ ফ্যাক্টরির জমিতে নতুন করে গুদাম নির্মাণের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। ২০১৯ সালের ২১ নভেম্বরে ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামের বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ঠিকাদারি প্রতিষ্ঠান গুদামটি নির্মাণের কাজ শুরু করে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে করোনা সংকটসহ নানা কারণে নির্মাণকাজে বিলম্ব হয়। গত বছরের ডিসেম্বরে সব কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। গুদামটির নির্মাণকাজ বাস্তবায়ন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ডের আলী বহর এলাকায় অবস্থিত এ রাসায়নিক সংরক্ষণাগার। গুদামের মূল ফটকে বসে আছেন নিরাপত্তা প্রহরী। গুদামের ভেতরে জনসাধারণের প্রবেশাধিকার নেই। গুদামের মূল ফটক থেকে শুরু করে পানির ট্যাংক—সবই প্রস্তুত, রং-বার্নিশের কাজও শেষ হয়েছে অনেক আগেই।

প্রকল্পের ভবনগুলো চালু না হওয়ায় পুরো প্রকল্প এলাকায় সুনসান পরিবেশ

প্রকল্পে এলাকায় আছে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ৫৪টি গুদাম এবং দাপ্তরিক কাজের জন্য দুটি তিনতলা ও একটি একতলা ভবন। রাসায়নিক দ্রব্য সংরক্ষণের নিরাপত্তা নিশ্চিতের বিশাল পানির ট্যাংক ও গুদামের চারপাশে পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া গুদামের নিরাপত্তায় ৫টি নিরাপত্তা টাওয়ার, মালমাহী ট্রাক প্রবেশে তিনটি প্রবেশপথসহ সামীনা প্রাচীর নির্মাণ করা হয়েছে। গুদামের চারপাশে সিসিটিভি ক্যামেরাও লাগানোর কাজও শেষ। তবে ভবনগুলো চালু না হওয়ায় পুরো প্রকল্প এলাকায় সুনসান পরিবেশ।

নিরাপত্তা প্রহরী শহিদ খান প্রথম আলোকে বলেন, গুদামের নির্মাণকাজ শেষ হলেও হস্তান্তর করা হয়নি। তবে বর্তমানে তিনিসহ সাতজন নিরাপত্তা প্রহরী গুদামের নিরাপত্তার দায়িত্বে আছেন। এখন অন্য কোনো কাজ না থাকায় গুদামের চারপাশে লাগানো গাছপালার পরিচর্যা করছেন তাঁরা।
আলী বহর এলাকার বাসিন্দা সজল মিয়া প্রথম আলোকে বলেন, ‘গুদাম নির্মাণের কাজ তো শেষ। ভেতরে কাউকে ঢুকতে দেয় না। পুরান ঢাকার রাসায়নিক মালামাল এখানে রাখবে বলে শুনেছি। কিন্তু এখনো গুদাম তো চালু হচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ইফতেখার শেখ প্রথম আলোকে বলেন, গত বছরের ৩১ ডিসেম্বরে নির্মাণকাজ শেষে বিসিআইসিকে গুদাম বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। পরে তারা সব কিছু দেখে বুঝে নিয়েছে। কিন্তু গুদামটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি। হস্তান্তর ও উদ্বোধন হলেই গুদামটি পুরোদমে চালু করা যাবে।