আড়িয়াল খাঁয় বাল্কহেডের ধাক্কায় ড্রেজারডুবি, ঘুমন্ত তিন শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে ডুবে যাওয়া ড্রেজারের একটি অংশ। সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি ড্রেজার ডুবে গেছে। এ সময় ড্রেজারটির কেবিনে ঘুমিয়ে থাকা তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে শিবচর উপজেলার নিখলী ইউনিয়নের কাওয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লাহারিয়া ইউনিয়নের একানলি এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা মিয়া (২২), রংপুরের কাউনিয়া উপজেলার শিবু দৌইফারি এলাকার মো. ফজলুর ছেলে একরামুল হক (২১) ও ভোলার চরফ্যাশন উপজেলার দুলালহাট থানার আহম্মেদপুর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়িয়াল খাঁ নদের শাসনকাজের জন্য কয়েকটি ড্রেজার দিয়ে এক পাড় থেকে বালু উত্তোলন করে অপর পাড়ে অপসারণের কাজ চলছে। নদের শাসনকাজে নিয়োজিত কয়েকটি ছোট-বড় ড্রেজার নদের বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। ড্রেজারগুলো কাওয়ারহাট এলাকাজুড়ে বালু অপসারণের কাজ করছিল।

স্থানীয় ব্যক্তিদের বরাতে নৌ পুলিশ জানায়, বেলা তিনটার দিকে জেবা সিনথিয়া নামের ছোট আকারের একটি ড্রেজারের কেবিনে তিনজন শ্রমিক ঘুমাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি বাল্কহেড স্রোতের বিপরীতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ড্রেজারে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রেজারটি ডুবে যায়। এ সময় ড্রেজারের কেবিনে ঘুমিয়ে থাকা শ্রমিকেরা পানিতে ডুবে মারা যান।

কাওয়ারহাট এলাকায় স্থানীয় বাসিন্দা শহীদ হওলাদার বলেন, অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্ন স্থান থেকে খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট আকৃতির ড্রেজার দিয়ে আনলোড করা হয়। দুপুরের দিকে বাল্কহেডের ধাক্কায় জেবা সিনথিয়া ড্রেজারটি নদের পাড়েই ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে যান। অন্য শ্রমিক ও স্থানীয় ব্যক্তিরা মিলে ওই ড্রেজারের কেবিন থেকে তিনজনকে মৃত অবস্থায় বের করে আনেন।

শিবচরের নিখলীর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ড্রেজারটি নষ্ট হয়ে যাওয়ায় নোঙর করে এর ভেতরে ঘুমাচ্ছিলেন শ্রমিকেরা। নদে তীব্র স্রোত থাকায় একটি বাল্কহেড ওই ড্রেজারে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, আড়িয়াল খাঁ নদে নৌ দুর্ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তিন শ্রমিকের কেউ স্থানীয় বাসিন্দা নন। তাঁরা রংপুর, ভোলা ও নড়াইলের বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।