কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে আছমা আক্তার (৩৬) নামের এক মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

সাজা পাওয়া আসামির নাম আছমা আক্তার। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্বচরপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১–এর সরকারি কৌঁসুলি এম এ আফজল বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নাটোরের আশরাফ উদ্দীন নামের এক ব্যক্তিকে নিজের পছন্দে বিয়ে করেন আছমা আক্তার। বিয়ের দুই বছর পর তাঁদের একটি কন্যাসন্তান হয়। ২০১৩ সালে রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আশরাফ উদ্দীন নিহত হন। এরপর মেয়ে শিউলী আক্তারকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন আছমা এবং ২০১৭ সালে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার আবদুল কাদের নামের একজনকে বিয়ে করেন।

বিয়ের পর প্রায়ই শ্বশুরবাড়িতে আসতেন আবদুল কাদের। আছমাও তাঁর মেয়েকে নিয়ে কাদেরের বাড়িতে বেড়াতে যেতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে কাদের শ্বশুরবাড়িতে আসা বন্ধ করে দেন। তবে আছমা কাদেরের বাড়িতে আসা-যাওয়া করতেন। এর পর থেকে আছমা আক্তারের আচরণে পরিবর্তন দেখা দেয়।

২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁর ভাইয়ের শাশুড়ি তাঁদের বাড়িতে এলে নিজের কক্ষে ঢুকতে বাধা দেন আছমা। এটা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তর্ক হয়। পরদিন সকালে নিজের ১০ বছর বয়সী মেয়ে শিউলী আক্তারকে স্কুল থেকে ডেকে এনে জোর করে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দেন আছমা আক্তার। এ সময় তাঁর মা মনোয়ারা বেগম বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গলায় তার পেঁচিয়ে মেয়ে শিউলীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই দিন রাতেই শিউলীর নানা সুরুজ মিয়া বাদী হয়ে মেয়ে আছমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন।

২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। আজ এ মামলার রায়ে আছমা আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।