
সাত সকালে কান্নার রোল ওঠে। গ্রামের মানুষ বুঝতে পারেননি কান্নার কারণ। কালীমন্দিরের পেছনের বাড়িগুলো থেকে আসছিল কান্নার শব্দ। সেখানে গিয়েই সবাই জানতে পারেন, ট্রেনের ধাক্কায় গ্রামের চারজন নারী নিহত হয়েছেন। অনেকেই তখন ছুটে যান রেল লাইনের দিকে। নিকরাইল দাসপাড়া গ্রাম যেন মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায়।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গ্রামটির অবস্থান। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের পাঁচজন নারী কাকডাকা ভোরে রওনা হন পার্শ্ববর্তী সল্লা গ্রামের উদ্দেশে। সেখানে এক ধনাঢ্য ব্যক্তি প্রতিবছর ঈদের আগে দরিদ্রদের কাপড় দান করেন। পাঁচ নারী ঢাকা-বঙ্গবন্ধু সেতুর রেললাইন ধরে যাচ্ছিলেন সেখানে। তাঁরা ভোর সাড়ে পাঁচটার দিকে গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কালিহাতী উপজেলার মীরহামজানী এলাকায় পৌঁছালে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।
এতে ঘটনাস্থলেই হরিবন্ধু দাসের স্ত্রী শান্তি রানী দাস (৬০), মেয়ে শিল্পী রানী দাস (৩৫), মৃত অনাথ বন্ধু দাসের স্ত্রী আরতী দাস (৫৫) ও মৃত গোপাল চন্দ্র দাসের স্ত্রী বাসন্তী রানী দাস (৬৫) নিহত হন। এ ছাড়া জ্যোৎস্না দাস নামের আরও এক নারী আহত হন।
দুর্ঘটনার পর বেলা ১১টার দিকে নিহত চার নারীর লাশ নিয়ে যাওয়া হয় গ্রামে। দুপুরের ওই গ্রামে গিয়ে দেখা যায়, স্ত্রী ও মেয়ের মরদেহের সামনে উঠানে বসে আছেন হরিবন্ধু দাস। পরিবারের দুই সদস্যকে হারিয়ে তিনি নির্বাক। তাঁর ছেলে গৌরাঙ্গ দাস মা ও বোনের শেষকৃত্যের আয়োজন করছিলেন। গৌরাঙ্গ দাস বলেন, ‘ট্রেনের ধাক্কায় আমার সর্বনাশ হইলো। মা–বোনকে হারালাম।’
পাশের বাড়িতেও তখন মাতম চলছে। বাসন্তী রানী দাসের মরদেহ ঘিরে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর ছেলে গোবিন্দ দাস বলেন, ‘সকালে উঠে এক ভ্যানচালকের কাছে শুনতে পাই, ট্রেনের ধাক্কায় কয়েকজন মারা গেছেন। সেখানে গিয়ে দেখি আরও তিনজনের সঙ্গে আমার মায়ের লাশও পড়ে আছে।’
ওই গ্রামের বাসিন্দা নেপাল চন্দ্র দাস জানান, একসঙ্গে চারজন মানুষের মৃত্যু এ গ্রামে এর আগে হয়নি। হঠাৎ করে চারজন মানুষকে হারিয়ে পুরো গ্রামের মানুষ শোকাহত।
নিহত আরতী দাসের ছেলে প্রলাদ দাস বলেন, ‘মা কাপড় আনতে গেছিলো। ফিরলো লাশ হয়ে। এই শোক আমরা কীভাবে সহ্য করবো!’
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, আজ ভোরে ওই চার নারী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। দুপুরের পর নিহত চার নারীর মরদেহ গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের সংযোগ সড়কের পাশেই রেলপথের অবস্থান। সংযোগ সড়কটি দিয়ে সব সময় বাস–ট্রাক চলাচল করে। তাই ট্রেন এলেও অনেক সময় শব্দ পাওয়া যায় না।
রেললাইনের পার্শ্ববর্তী সল্লা গ্রামের আশিকুর রহমান বলেন, প্রতি মাসেই এই রেললাইনে ট্রেনে কাটা পড়ে অথবা ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।