পিরোজপুরে বাগানে ঝুলন্ত লাশ, পরিবার বলছে হত্যার পর ঝুলিয়ে রাখা

লাশ
প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলায় একটি বাড়ির বাগানে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম মো. শাহ আলম শেখ (৬৫)। তিনি সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের মৃত আবদুল আলী শেখের ছেলে। তিনি স্থানীয় বাজারে সবজির ব্যবসা করতেন।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে শাহ আলম শেখ বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে পাশের দুর্গাপুর গ্রামের গ্রাম পুলিশের সদস্য আফতাব উদ্দিন মোল্লার বাড়ির বাগানে কয়েকজন কিশোর গাব খেতে গিয়ে গাবগাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহ আলম শেখের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাঁর গলায় জখমের চিহ্ন আছে। তাঁর কোমরে লুঙ্গির সঙ্গে একটি চাকু গোঁজা ছিল।

এ ঘটনায় রাতেই শাহ আলম শেখের ছেলে মো. সেন্টু শেখ বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। সেন্টু শেখ বলেন, ‘আমার বাবাকে কে হত্যা করেছে, তা আমরা জানি না। এ কারণে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছি। তবে আমার আত্মীয়দের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। আমার বাবার গলায় জখম ছিল। জখমের স্থান দিয়ে রক্ত বের হয়ে গায়ের গেঞ্জি ভিজে গেছে। তাঁকে কেউ হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।’

পিরোজপুর সদর উপজেলায় একটি বাড়ির বাগানে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।